কানাডার সর্বোচ্চ আদালত কুইবেকের ‘বিল ২১’ আইন অধিকাংশ ক্ষেত্রে বহাল রেখেছেন। এই আইনে সরকারি খাতের কর্মীদের হিজাব, ক্রুশসহ বিভিন্ন ধর্মীয় প্রতীক পরা নিষিদ্ধ করা হয়েছে।

২০১৯ সালে পাস হওয়া আইনটির বিরুদ্ধে মুসলিম, শিখ ও ক্যাথলিক কয়েকজন নারী শিক্ষকসহ বিভিন্ন গোষ্ঠী আদালতে চ্যালেঞ্জ জানিয়েছিলেন।

 

তাদের দাবি, আইনটি ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক অধিকার লঙ্ঘন করে। রায়ের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, তার সরকার সিদ্ধান্তটির প্রভাব পর্যালোচনা করবে। তিনি সব কানাডীয় নাগরিক, বিশেষ করে সংখ্যালঘুদের অধিকার ও স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানান।

সাতজন বিচারপতির সংখ্যাগরিষ্ঠ অংশ কুইবেকের আইনটি অধিকাংশ ক্ষেত্রে বৈধ বলে রায় দিলেও কয়েকজন বিচারপতি এর কিছু অংশের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন।

 

তিন বিচারপতি অ্যান্ড্রমাচি কারাকাতসানি, মিশেল ও বনসাওইন ও নিকোলাস কাসিরা বলেন, ‘নটউইথস্ট্যান্ডিং ক্লজ’ ব্যবহার করে কানাডার মুক্ত ও গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক নীতির পরিপন্থী কোনো আইন করা যায় না। তাদের মতে, বিল ২১ ধর্মীয় স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা ও সমতার অধিকার ক্ষুণ্ণ করে।

কুইবেকের নাগরিক অধিকার সংগঠনগুলোর দাবি, ‘বিল ২১’ হিজাব পরা মুসলিম নারীদের ওপর বৈষম্যমূলক প্রভাব ফেলছে।

এর ফলে তারা প্রদেশের গুরুত্বপূর্ণ জনজীবন ও কর্মক্ষেত্র থেকে বাদ পড়ছেন।

 

ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিমসের প্রধান নির্বাহী স্টিফেন ব্রাউন আইনটিকে বৈষম্যমূলক উল্লেখ করে বলেন, ধর্মীয় পরিচয়ের কারণে অনেক মানুষকে বিভিন্ন পেশায় কাজের সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে।

আইনটির বিরুদ্ধে আদালতে আবেদন করা অন্যতম সংগঠন ইংলিশ মন্ট্রিল স্কুল বোর্ডের সভাপতি জানান, আদালতের রায়ে তারা অত্যন্ত হতাশ। ওর্তোনা বলেন, ‘এটি আমাদের প্রত্যাশিত রায় নয়। তবে আদালতের পর্যবেক্ষণের কিছু অংশে আমরা স্বস্তি পেয়েছি।

’

 

কুইবেক সরকারের যুক্তি, প্রদেশের ধর্মনিরপেক্ষতা বা ‘লাইসিতে’ বজায় রাখতে এই আইন প্রয়োজন। তাদের মতে, ধর্মনিরপেক্ষতা কুইবেকের পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। চলতি বছরের শুরুতে প্রদেশটি নতুন একটি বিল পাস করে। এর মাধ্যমে সরকারি অনুদানপ্রাপ্ত ডে-কেয়ার ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ধর্মনিরপেক্ষতার নিয়ম বাড়ানো হয়। পাশাপাশি জনসমক্ষে প্রার্থনার ওপর বিধিনিষেধ আরোপ এবং নিয়ম ভাঙলে জরিমানার বিধান রাখা হয়।

কুইবেকের স্বাধীনতার পক্ষে থাকা ফেডারেল দল ব্লক কুইবেকোয়ার নেতা ইভ-ফ্রঁসোয়া ব্লাঁশে বলেন, আদালতের এই রায় প্রদেশটির নিজস্ব মূল্যবোধ রক্ষার অধিকারকে সমর্থন করেছে। তার মতে, কুইবেকের স্বতন্ত্র পরিচয়ের বৈশিষ্ট্যগুলো রক্ষায় এই রায় তাদের অবস্থান আরো শক্তিশালী করেছে।