বাপা নিউজ, নিউইয়র্ক: নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির ভাড়া স্থগিত রাখার নীতির বিরুদ্ধে বাড়িওয়ালাদের করা আবেদন খারিজ করে দিয়েছেন অঙ্গরাজ্যের সুপ্রিম কোর্ট। বুধবার, ২৫ নভেম্বর দেওয়া এ রায়ের ফলে শহরের প্রায় ১০ লাখ ভাড়া-নিয়ন্ত্রিত অ্যাপার্টমেন্টের ভাড়া স্থগিত রাখার সিদ্ধান্ত বহাল থাকল।

বাড়িওয়ালাদের একটি সংগঠন আদালতে অভিযোগ করেছিল, ভাড়া নির্দেশিকা বোর্ডের (Rent Guidelines Board) সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া স্বাধীন ও নিরপেক্ষ ছিল না। তাদের দাবি, মেয়র মামদানি নিজের নীতির সঙ্গে একমত এমন সদস্যদের বোর্ডে নিয়োগ দিয়ে ভাড়া স্থগিতের সিদ্ধান্তকে প্রভাবিত করেছেন।

তবে বিচারপতি ব্রেন্ডান ল্যান্ট্রি বলেন, আবেদনকারীরা বোর্ডের সিদ্ধান্তকে অযৌক্তিক, স্বেচ্ছাচারী কিংবা খামখেয়ালিপূর্ণ প্রমাণ করতে পারেননি। মেয়রের পছন্দ অনুযায়ী বোর্ডের সদস্য নিয়োগ দেওয়ার ক্ষমতা রয়েছে এবং সদস্যদের রাজনৈতিক মতাদর্শ মেয়রের সঙ্গে মিলে গেলেই তা অনিয়ম বা যোগসাজশের প্রমাণ হয় না।

আদালতের এই সিদ্ধান্তে ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যেসব ভাড়া-নিয়ন্ত্রিত অ্যাপার্টমেন্টের এক বছর বা দুই বছর মেয়াদি চুক্তি নবায়ন হবে, সেগুলোর ক্ষেত্রে ভাড়া স্থগিত রাখার নীতি কার্যকর থাকবে।

নিউইয়র্ক সিটির মোট প্রায় ২৩ লাখ ভাড়া-বাসস্থানের মধ্যে প্রায় ১০ লাখই ভাড়া-নিয়ন্ত্রিত। ফলে এ সিদ্ধান্ত শহরের বিপুলসংখ্যক ভাড়াটিয়ার ওপর প্রভাব ফেলবে। মামদানি আদালতের রায়কে ভাড়াটিয়া ও আবাসন ব্যয় সামর্থ্যের ক্ষেত্রে বিজয় হিসেবে অভিহিত করেছেন। তাঁর নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম ছিল ভাড়া স্থগিত রাখা এবং সাধারণ কর্মজীবী মানুষের জন্য নিউইয়র্ককে আরও সাশ্রয়ী করা।

অন্যদিকে, বাড়িওয়ালাদের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছে, সম্পত্তি কর, বীমা, রক্ষণাবেক্ষণ ও অন্যান্য পরিচালন ব্যয় বাড়লেও ভাড়া স্থির রাখলে ভবন মালিকদের ওপর আর্থিক চাপ বাড়বে। আদালতের রায় মামদানির আবাসন নীতির পক্ষে গুরুত্বপূর্ণ আইনি সমর্থন হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে নিউইয়র্কে ভাড়াটিয়াদের সুরক্ষা, বাড়িওয়ালাদের অধিকার এবং আবাসন ব্যয় নিয়ন্ত্রণ নিয়ে চলমান বিতর্কও নতুন মাত্রা পেয়েছে।