শিল্প-সংস্কৃতি ও সৃজনশীলতাকে অর্থনীতির শক্তিশালী ভিত্তি হিসেবে গড়ে তুলতে ‘ক্রিয়েটিভ ইকোনমি’ বা সৃজনশীল অর্থনীতি প্রকল্প হাতে নিচ্ছে সরকার। এ উদ্যোগের মাধ্যমে শিল্পকর্ম, সংগীত, সাহিত্য, চলচ্চিত্র, থিয়েটার ও কারুশিল্পকে অর্থমূল্যে রূপান্তরের পাশাপাশি শিল্পীদের ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হচ্ছে।
একই সঙ্গে বিদেশে থাকা দক্ষ ও মেধাবী বাংলাদেশিদের দেশে ফিরে উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সৃজনশীল অর্থনীতির বিকাশ এবং রিভার্স ব্রেইন ড্রেইনের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেল আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্রিয়েটিভ ইকোনমি নামে একটি প্রকল্প হাতে নিচ্ছে।
তিনি বলেন, একজন অর্থনীতিবিদ ও নীতিনির্ধারক হিসেবে শিল্পকলা, ভাস্কর্য, কারুশিল্প, থিয়েটার, সংগীত, সাহিত্য ও চলচ্চিত্রকে কিভাবে অর্থনৈতিকভাবে লাভজনক ও টেকসই করা যায়, তা নিয়ে কাজ করতে চান।
শিল্পকর্মের যথাযথ মূল্যায়নের ওপর গুরুত্ব দিয়ে অর্থমন্ত্রী বলেন, মানসম্মত প্রকাশনা, শিল্পসমালোচক তৈরি এবং শিল্পকর্মের নিলামব্যবস্থা চালু করা প্রয়োজন। এসব উদ্যোগ শিল্পীদের কাজের মূল্যায়ন বাড়ানোর পাশাপাশি সৃজনশীল খাতকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে সহায়তা করবে।
ঢাকায় একটি ভালো থিয়েটার চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রসহ সৃজনশীল অর্থনীতিতে সফল দেশগুলোর সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী।
অনুষ্ঠানে আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফ জহির সভাপতিত্ব করেন।


