জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, সামরিক খাতে অতিরিক্ত ব্যয় এবং জলবায়ু সংকটসহ নানা বিষয়ে ক্ষোভ জানিয়ে শুক্রবার ইউরোপের বিভিন্ন দেশে রাস্তায় নেমেছেন তরুণরা। তাদের অভিযোগ, সরকারগুলো তরুণ প্রজন্মের ভবিষ্যৎ ও কল্যাণের চেয়ে ভূরাজনৈতিক সংকট মোকাবেলা এবং বড় ব্যবসাপ্রতিষ্ঠানকে সহায়তা করতেই বেশি গুরুত্ব দিচ্ছে।
ইতালি, জার্মানি, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্যের বিভিন্ন শহরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীদের হাতে ছিল ‘আমাদের ভবিষ্যতের জন্য লড়াই’ লেখা প্ল্যাকার্ড। অনেকে ফ্লেয়ার জ্বালান এবং কার্ডবোর্ড দিয়ে তৈরি ট্যাংকের প্রতিকৃতি পুড়িয়ে প্রতিবাদ জানান। ৫০টির বেশি তরুণদের সংগঠনের সমন্বয়ে গঠিত একটি জোট এই বিক্ষোভের আয়োজন করে।
গাজায় ইসরায়েলের যুদ্ধ, বাড়িভাড়া বৃদ্ধি এবং স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশের অবনতিসহ বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে তাদের ক্ষোভ রয়েছে। তবে সব বিক্ষোভের মূল দাবি এক সরকারকে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ, শিক্ষা ও কল্যাণে বেশি বিনিয়োগ করতে হবে।
ইতালির মিলান শহরে ১০ হাজারের বেশি মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত বিক্ষোভে যোগ দেন ১৮ বছর বয়সী শিক্ষার্থী অলিভিয়া ফেরারারিও। এএফপিকে তিনি বলেন, তরুণেরা রাস্তায় নেমে তাদের প্রাণশক্তি ও দৃঢ় সংকল্পের প্রকাশ ঘটাচ্ছেন।
তিনি বলেন, ‘সরকার যদি আমাদের কথা না শোনে, তাহলে আমরা চুপ করে বসে থাকতে পারি না।’ ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশে সাম্প্রতিক বিক্ষোভে সহিংসতার ঘটনা ঘটায় এবার নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। সম্ভাব্য সহিংসতা ঠেকাতে বিভিন্ন শহরে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
‘অনেক আশা হারিয়ে ফেলেছি’
সুইজারল্যান্ডে আয়োজকদের দাবি, দেশজুড়ে ৪০ হাজারের বেশি মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। লুজান শহরে বিক্ষোভকারীদের একটি ব্যানারে লেখা ছিল, ‘কৃচ্ছ্রসাধনের নীতি একধরনের সামাজিক সহিংসতা।
বিক্ষোভগুলো মূলত শান্তিপূর্ণ ছিল। তবে সুইজারল্যান্ডের সংবাদ সংস্থা কিস্টোন-এটিএসের প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভ শেষে কয়েকজন পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। এ সময় পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে। জার্মানির বার্লিনে প্রায় এক হাজার বিশ্ববিদ্যালয় ও স্কুলশিক্ষার্থী বিক্ষোভ করেন। তাদের অন্যতম উদ্বেগ ছিল দেশটির দ্রুত সামরিকীকরণ এবং আবারও বাধ্যতামূলক সামরিক সেবা চালুর আশঙ্কা।
গত বছর হাইস্কুল শেষ করা ১৮ বছর বয়সী হেলেনা কোসাৎজ এএফপিকে বলেন, ‘আমি মনে করি, কাউকে যুদ্ধ করা ও মানুষ হত্যা করতে শেখাতে বাধ্য করা এবং পরে যুদ্ধে পাঠিয়ে দেওয়া কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।’
বৈরী রাশিয়ার মোকাবিলায় ইউরোপ যখন সামরিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে, তখন বিক্ষোভের আয়োজকেরা বলছেন, সামরিক খাতে বরাদ্দ বাড়ানোর পরিবর্তে শিক্ষা, তরুণদের কল্যাণ ও আবাসন খাতে অর্থ ব্যয় করা উচিত।
লন্ডনে পার্লামেন্ট ভবনের বাইরে এবং কাছের ট্রাফালগার স্কয়ারে কয়েকশ মানুষ বিক্ষোভ করেন। তাদের অনেকের পরনে ছিল স্কুলের পোশাক। হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘উচ্চশিক্ষাকে বাঁচান’ এবং ‘অন্যদের যুদ্ধের জন্য নয়, আমাদের ভবিষ্যতের জন্য লড়াই করুন।’
কলেজ থেকে ছুটি নিয়ে বিক্ষোভে অংশ নেওয়া ১৮ বছর বয়সী এলিজ (যিনি শুধু নিজের নাম জানিয়েছেন) এএফপিকে বলেন, ‘আমি সব আশা হারিয়ে ফেলেছি।’
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেন কি না, তা নিয়েই তিনি অনিশ্চয়তায় রয়েছেন। তার ভাষায়, ‘টাকার অভাব তো আছেই। তার ওপর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অনেক চাকরির জায়গা দখল করে নিচ্ছে। সবাই যেন আগের চেয়ে অনেক বেশি হতাশ।’ লন্ডনে ডানপন্থী ও ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে।
এএফপির সাংবাদিকেরা সেখানে কয়েকজনকে গ্রেপ্তার হতে দেখেছেন। লন্ডনের বিক্ষোভে ‘ফিলিস্তিন চিরকাল টিকে থাকবে’ স্লোগান শোনা যায়। ইউরোপের অন্যান্য বিক্ষোভস্থলেও ফিলিস্তিনের পতাকা দেখা গেছে। এদিকে রোমে হাইস্কুলের শিক্ষার্থীরা মিছিল করেন।
তাদের বহন করা একটি ব্যানারে লেখা ছিল, ‘কেউ স্বাধীনতা না দিলে আমরা তা ছিনিয়ে নেব, সরকার, যুদ্ধ ও আকাশচুম্বী জীবনযাত্রার ব্যয়ের বিরুদ্ধে।’
ইতালির রাজধানীতেও বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এ সময় কয়েকজন বিক্ষোভকারী পুলিশের দিকে বোতল ও ধোঁয়া তৈরি করা বোমা (স্মোক বোমা) নিক্ষেপ করেন।
‘ভয়াবহ’ স্কুল পরিস্থিতি
স্পেনের রাজধানী মাদ্রিদে বিক্ষোভকারীরা শিক্ষার জন্য আরও বেশি অর্থ বরাদ্দের দাবি জানান এবং সামরিক খাতে ব্যয় বৃদ্ধির তীব্র সমালোচনা করেন। ১৬ বছর বয়সী হাই স্কুল শিক্ষার্থী গ্যাব্রিয়েলা হিমেনো সেরানো জানান, তার ক্লাসে ৩৩ জন শিক্ষার্থী রয়েছে, অথচ শিক্ষক মাত্র একজন।
তিনি এএফপিকে বলেন, ‘শ্রেণিকক্ষগুলো খুবই ছোট, আর সুযোগ-সুবিধার অবস্থা অত্যন্ত শোচনীয়।’ তিনি আরো জানান, কিছু স্কুলে ইঁদুর ও তেলাপোকার উপদ্রবও রয়েছে। এই বিক্ষোভ সপ্তাহান্ত পর্যন্ত গড়াতে পারে বলে মনে করা হচ্ছে, বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও আবাসন সমিতি আরো বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে।
ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের বার্ষিকীর কাছাকাছি সময়ে এই বিক্ষোভগুলো শুরু হয়েছে, যে আন্দোলন ২০১৮ ও ২০১৯ সালে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে বেশ চাপে ফেলেছিল। ফ্রান্সে শনিবার আরো বিক্ষোভের পরিকল্পনা রয়েছে। ইউরোপের বিভিন্ন দেশে চলমান এই বিক্ষোভগুলো আংশিকভাবে ফ্রান্সে সম্প্রতি ঘটে যাওয়া বিক্ষোভগুলো দ্বারা অনুপ্রাণিত, যার মধ্যে কিছু ঘটনা সহিংস রূপও নিয়েছিল।
সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে হাইস্কুলের শিক্ষার্থীরা উন্নত পড়াশোনার পরিবেশের দাবিতে বিক্ষোভ শুরু করলে এই আন্দোলনের সূত্রপাত হয়। পরবর্তীতে এটি নিত্যপণ্যের আকাশচুম্বী দাম, অপর্যাপ্ত সরকারি পরিষেবা এবং পুলিশের নৃশংসতার বিরুদ্ধে একটি দেশব্যাপী আন্দোলনে রূপ নেয়।


