কক্সবাজার, বাংলাদেশ — মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের ঐতিহাসিক রায়ের একদিন পর বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান। তিনি রোহিঙ্গাদের আশ্বস্ত করে বলেছেন, তাদের ন্যায়বিচারের দাবিতে তারা একা নন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আদালতের রায়কে বাস্তব পদক্ষেপে পরিণত করতে হবে।

শুক্রবার রোহিঙ্গা শরণার্থী শিবিরে গিয়ে খলিলুর রহমান বলেন, আগের দিন হেগে জাতিসংঘের সর্বোচ্চ আদালত রোহিঙ্গাদের নাম উচ্চারণ করেছে এবং ২০১৭ সালে তাদের ওপর সংঘটিত কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে চিহ্নিত করেছে। তিনি বলেন, “বছরের পর বছর আপনারা বিশ্বকে আপনাদের কথা শোনার আহ্বান জানিয়েছেন। এখন তারা আপনাদের কথা শুনেছে।” রোহিঙ্গাদের উদ্দেশে তিনি আরও বলেন, “আপনারা একা নন। আমি আমার দায়িত্ব পালন করব।”

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বলেন, আদালতের রায় বাস্তবায়নের মাধ্যমে রোহিঙ্গা গণহত্যার শিকার ব্যক্তিদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বেঁচে থাকা রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং যারা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন, তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করতে হবে।

তিনি বলেন, কাউকে এমন পরিস্থিতিতে ফিরিয়ে দেওয়া উচিত নয়, যেখানে তার জীবন বা নিরাপত্তা আবারও হুমকির মুখে পড়তে পারে। প্রত্যাবাসনের ক্ষেত্রে নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা এবং নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রোহিঙ্গাদের মতামত নিশ্চিত করা প্রয়োজন। খলিলুর রহমান বলেন, “আমি নিউইয়র্ক থেকে আপনাদের সঙ্গে কথা বলতে চাইনি। এই ঐতিহাসিক মুহূর্তে আপনাদের পাশে দাঁড়াতে আমি নিজেই শিবিরে আসতে চেয়েছি।”

বৃহস্পতিবার গাম্বিয়ার করা মামলার রায়ে আন্তর্জাতিক বিচার আদালত মিয়ানমারের বিরুদ্ধে রায় দেন। আদালত বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ও অন্যান্য রাষ্ট্রীয় সংস্থা রাখাইন রাজ্যে বসবাসরত প্রধানত মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার বিভিন্ন কর্মকাণ্ড চালিয়েছে। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, ২০১৭ সালের সামরিক অভিযানে ব্যাপক হত্যাকাণ্ড, বিস্তৃত যৌন সহিংসতা এবং পুরো গ্রাম ধ্বংসের মতো ঘটনা ঘটেছিল। জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য অনুযায়ী, ওই সহিংসতায় অন্তত ১০ হাজার রোহিঙ্গা নিহত হন এবং প্রায় ৭ লাখ ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেন।

আদালতের রায়কে বাস্তব পরিবর্তনে রূপ দিতে চারটি প্রধান অগ্রাধিকারের কথা তুলে ধরেছেন খলিলুর রহমান। প্রথম অগ্রাধিকার হলো ন্যায়বিচার। তিনি বলেন, মিয়ানমারকে গণহত্যার অভিযোগ তদন্ত করতে হবে এবং প্রমাণের ভিত্তিতে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট আইন ও বিচারব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার করতে হবে।

দ্বিতীয় অগ্রাধিকার হলো নিরাপদ প্রত্যাবাসন। আন্তর্জাতিক বিচার আদালত মিয়ানমারকে এমন পরিবেশ তৈরির নির্দেশ দিয়েছেন, যাতে রোহিঙ্গারা স্বেচ্ছায়, নিরাপদে এবং মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরতে পারেন। খলিলুর রহমান বলেন, প্রত্যাবাসন কোনোভাবেই জোরপূর্বক হওয়া উচিত নয়। রোহিঙ্গাদের নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা এবং নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে তাদের মতামতের নিশ্চয়তা থাকতে হবে।

তৃতীয় অগ্রাধিকার হিসেবে তিনি ক্ষতিপূরণের কথা বলেন। আন্তর্জাতিক বিচার আদালত মিয়ানমারকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং এ বিষয়ে দুই বছরের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে। খলিলুর রহমান বলেন, “অর্থ কখনো জীবন ফিরিয়ে দিতে পারে না। অর্থ হারিয়ে যাওয়া প্রিয়জনদের ফিরিয়ে দিতে পারে না।”

তবে তিনি বলেন, যথাযথ ক্ষতিপূরণ বেঁচে থাকা রোহিঙ্গাদের নিরাপত্তা, আশা ও মর্যাদাবোধ পুনরুদ্ধারে সহায়তা করতে পারে। চতুর্থ অগ্রাধিকার হলো গণহত্যা প্রতিরোধ। এ জন্য আইন সংস্কার, নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ এবং তাদের ওপর কার্যকর বেসামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে আন্তর্জাতিক বিচার আদালতের রায় বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। পরবর্তী পদক্ষেপ নির্ধারণে তিনি জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোর সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন। রোহিঙ্গাদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা একা নন। আমি আমার দায়িত্ব পালন করব।”

খলিলুর রহমান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হওয়ার আগে রোহিঙ্গা সংকট নিয়ে দেশের প্রধান দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। সে সময় তিনি বহুবার কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন। ফলে এবারের সফরকে তিনি ব্যক্তিগতভাবেও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন।