নিউইয়র্ক: ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নিউইয়র্কে দোয়া ও আলোচনা সভা করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। বৃহস্পতিবার, ২১ আগস্ট নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও শোক পালন করা হয়।
পরে আইভী রহমানসহ ২১ আগস্টের হামলায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর ভাবগম্ভীর পরিবেশে বাংলাদেশের জাতীয় সংগীত ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
স্বাগত বক্তব্য ও অতিথি পরিচয় পর্বের পর অনুষ্ঠানে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় বক্তব্য দেন যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় মিয়া ও সভাপতি মাহমুদুল হাসান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সৈয়দ কিবরিয়া জামান ও সভাপতি এইচ এম ইকবাল, যুবলীগ নেতা জুলফিকার আহমেদ, যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি সেবুল মিয়া, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ হোসেন ও সভাপতি জি আই রাসেল, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাফিকুর রহমান তুরান।
এছাড়া যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি জয়নাল আবেদীন, পান্না, যুগ্ম সাধারণ সম্পাদক দুরুদ মিয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদ হাসান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান টুকু, ইলিয়ার রহমান, এমদাদ রাজু, শিল্প ও বাণিজ্য সম্পাদক জনি সিকদার, সবুজ, সহসভাপতি আশরাফ উদ্দিন ও সোলায়মান আলী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ নেতা গোলাম রাব্বানী এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা শাহানা রহমান বক্তব্য দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশের সাবেক উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম এবং সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু। বক্তব্যে তাঁরা ১৯৭৫ সালের ১৫ আগস্ট এবং ২০০৪ সালের ২১ আগস্টের ঘটনাপ্রবাহ, রাজনৈতিক প্রেক্ষাপট ও হামলার পেছনে ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে আলোচনা করেন।
এনামুল হক শামীম বলেন, শেখ হাসিনা দেশ ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন এবং দীর্ঘ সময় ধরে দল ও দেশ গঠনে ভূমিকা রেখেছেন। তিনি নেতাকর্মীদের মিথ্যাচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
নজরুল ইসলাম বাবু তাঁর বক্তব্যে ছাত্ররাজনীতি ও রাজপথের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, আওয়ামী লীগের শিকড় বাংলার মাটির গভীরে প্রোথিত এবং অপপ্রচার চালিয়ে এই দলকে দমিয়ে রাখা যাবে না।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সভায় বক্তারা প্রবাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। দলের আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বকে শক্তিশালী করার আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


