বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তাৎক্ষণিক অভিনন্দন জানিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি নির্বাচনের ‘নির্বাচনী কর্তা’ ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ফল ঘোষণা করার পরপরই নিজ আসন থেকে উঠে পাশের আসনে বসে থাকা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান সরকারপ্রধান।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে বিকেল সাড়ে ৫টায় ফল ঘোষণা করেন সিইসি।
রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন। এর মধ্যে ৩৪৩টি ব্যালট পেপার ব্যবহার করা হয়।
বৈধ ভোটের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ড. অলি আহমদ (বীরবিক্রম) ৮৮ ভোট পান। ফলে ১৬৭ ভোটের ব্যবধানে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হন।
ফল ঘোষণার পর প্রধানমন্ত্রী তারেক রহমান নবনির্বাচিত রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান। গোলাপের শুভেচ্ছা পেয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এরপর বিএনপির নেতারা একে একে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান। এ সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানান।
রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবনে দিনভর উৎসবমুখর পরিবেশ ছিল।


