বাপা নিউজঃ ইরানে আগামী বছরের মার্চের মধ্যে আরও ১২টি পরমাণু বিকিরণ কেন্দ্র চালু করার পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার। এসব কেন্দ্রের মাধ্যমে খাদ্য নিরাপত্তা জোরদার, কৃষিপণ্যের মান উন্নয়ন এবং রপ্তানি সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইরানের পরমাণু শক্তি সংস্থার উপপ্রধান হোসেইন সাদেঘি এ ঘোষণা দিয়েছেন। গিলান প্রদেশের রাশত শহরে একটি বিকিরণ প্রক্রিয়াকরণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, ইরানি বছরের শেষ নাগাদ, অর্থাৎ ২০২৭ সালের মার্চের মধ্যে নতুন ১২টি কেন্দ্র চালু করা হবে।

নতুন কেন্দ্রগুলোতে পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করে কৃষিপণ্য প্রক্রিয়াজাত করা হবে। এর মাধ্যমে খাদ্যের গুণগত মান ও নিরাপত্তা উন্নত করার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ইরানের কৃষিপণ্য রপ্তানির সুযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) তথ্য অনুযায়ী, কৃষিক্ষেত্রে ক্ষতিকর পোকামাকড় নিয়ন্ত্রণে পারমাণবিক প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখতে পারে। এসব পোকামাকড়ের আক্রমণে প্রতিবছর বিশ্বজুড়ে বিপুল পরিমাণ ফসল নষ্ট হয়।

এ ছাড়া উদ্ভিদের বিভিন্ন রোগ দ্রুত শনাক্ত করা, খাদ্য সংরক্ষণে সহায়তা এবং কৃষিপণ্যের নিরাপত্তা নিশ্চিত করতেও পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করা সম্ভব। ইরানের পরিকল্পিত ১২টি কেন্দ্র চালু হলে দেশটির কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে খাদ্য নিরাপত্তা জোরদার এবং আন্তর্জাতিক বাজারে কৃষিপণ্য রপ্তানি বাড়ানোর ক্ষেত্রেও উদ্যোগটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।