যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কোয়ারে এলোপাতাড়ি ছুরিকাঘাতে ‘ব্যাংক অব আমেরিকা’র ভাইস প্রেসিডেন্ট এরিন পিয়াসেন্টি (৩২) নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (৩১ আগস্ট) এক নারীর চালানো এই হামলায় পিয়াসেন্টি ছাড়াও আরো একজন আহত হন।
নিউইয়র্ক পুলিশ (এনওয়াইপিডি) জানিয়েছে, ৪৯ বছর বয়সী পামেলা সিসনেরোস নামের ওই নারী একাধিক ছুরি হাতে টাইমস স্কোয়ারে হামলা চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টেজার ব্যবহার করে এবং গুলি চালায়। ঘটনাস্থলেই হামলাকারী নিহত হন।
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ব্যাংক অব আমেরিকা। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, পিয়াসেন্টির মতো মূল্যবান সহকর্মীকে হারিয়ে তারা স্তম্ভিত।
এনওয়াইপিডির ‘ফোর্স ইনভেস্টিগেশন ডিভিশন’ এই ঘটনার বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে। পরপর এমন ঘটনায় নিউইয়র্ক সিটির নিরাপত্তাব্যবস্থা নিয়ে আবারও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।


