ব্রিটেনের প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটন সোমবার ভারতের মুম্বাইয়ে পৌঁছেছেন। বার্ষিক আর্থশট পুরস্কার অনুষ্ঠানে যোগ দিতে তারা ভারত সফরে গেছেন।
রয়টার্স জানায়, তিন দিনের এই সফরে উইলিয়াম ও কেটের বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। এর মধ্যে আছে ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের সঙ্গে গলির ক্রিকেট খেলা। এ ছাড়া তারা ভারতের আর্থিক রাজধানী মুম্বাইয়ের মেট্রোরেলে চড়বেন।
ব্রিটিশ সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ২০২০ সালে আর্থশট পুরস্কার চালু করেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নতুন ও কার্যকর সমাধান খুঁজে বের করাই এ পুরস্কারের লক্ষ্য। প্রতিবছর পাঁচজন বিজয়ীকে ১০ লাখ ব্রিটিশ পাউন্ড করে দেওয়া হয়। তাদের প্রকল্প আরো বড় পরিসরে বাস্তবায়নে এই অর্থ সহায়তা করে।
৪৪ বছর বয়সী কেটের শরীরে ক্যানসার ধরা পড়ার পর তিনি প্রতিরোধমূলক কেমোথেরাপি নেন।
বর্তমানে তার ক্যানসার নিয়ন্ত্রণে রয়েছে। ধীরে ধীরে জনসমক্ষে তার উপস্থিতিও বাড়ছে। তবে এর আগে উইলিয়ামের বিদেশ সফরগুলোতে তাকে সঙ্গে দেখা যায়নি। কেট আগেই জানিয়েছিলেন, ক্যানসারে আক্রান্ত হওয়ার অভিজ্ঞতা এখনো তার জীবনে প্রভাব ফেলছে। প্রতিদিনের পরিস্থিতি অনুযায়ী তিনি এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ২০২৪ সালের পর বিদেশে তার উল্লেখযোগ্য সফর ছিল গত মে মাসে। সে সময় শিশুদের প্রাথমিক বিকাশ নিয়ে নিজের কাজের অংশ হিসেবে তিনি একা দুই দিনের জন্য ইতালি সফর করেন।


