ফুটবল মাঠে গোল করার অনেক কৌশল আছে। তবে একই ম্যাচে ‘পারফেক্ট হ্যাটট্রিক’ করা যেকোনো ফুটবলারের জন্যই বিশেষ কৃতিত্ব।
এই কৃতিত্বেই এক সময়ের তুমুল প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির থেকে নিজেকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে কাল রাতে আল খুলুদের বিপক্ষে হ্যাটট্রিক করে ক্যারিয়ারে নিজের ১১তম পারফেক্ট হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন পর্তুগিজ মহাতারকা। বিপরীতে মেসির এমন হ্যাটট্রিকের সংখ্যা এখনো শূন্য!
আল খুলুদকে কাল ৫-৩ গোলে হারিয়েছে রোনালদোর আল নাসর। ম্যাচের প্রথমার্ধ ২-২ সমতায় শেষ হয়।
ফুটবলের পরিভাষায় একই ম্যাচে বাঁ পা, ডান পা ও হেডে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করাকে বলা হয় ‘পারফেক্ট হ্যাটট্রিক’।
দুই ফুটবল নক্ষত্রের অসংখ্য কীর্তির ভিড়ে এই পরিসংখ্যানও নতুন এক আলোচনার জন্ম দিল। বয়স ৪১ হলেও গোলের ক্ষুধা যে এখনো কমেনি, আল খুলুদের বিপক্ষে রোনালদোর দুর্দান্ত পারফরম্যান্স তারই প্রমাণ।
কাল ‘পারফেক্ট হ্যাটট্রিকের’ পর রোনালদোর ক্যারিয়ারে গোলের সংখ্যা বেড়ে হয়েছে ৯৮৫।


