সোভিয়েত আমলের পর রাশিয়ার পার্লামেন্ট ২০২৭-২৯ মেয়াদের জন্য সামরিক খাতে সর্বোচ্চ বরাদ্দের প্রস্তাব সম্বলিত বাজেট পাশ করেছে। ৫৯০.৬ বিলিয়ন ডলারের এই বাজেটে সামরিক খাতে বরাদ্দ প্রায় প্রায় ২০৮.৮ বিলিয়ন মার্কিন ডলার,যা মোট বাজেটের ৩৫.২ শতাংশ এবং রাশিয়ার মোট জিডিপির ৬.৯১ শতাংশ।
এছাড়া অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য আরও প্রায় ৫১ বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে। দুটি মিলিয়ে ২০২৭ সালে এক বছরে সামরিক ও নিরাপত্তা খাতে মোট ব্যয় দাঁড়াবে প্রায় ২৬০ বিলিয়ন ডলার, যা মোট বাজেটের ৪৪ শতাংশ।
আগামী তিন বছরে জাতীয় প্রতিরক্ষার জন্য প্রায় ৬০৬ বিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে, যা ইঙ্গিত দেয় যে মস্কো শীঘ্রই ইউক্রেন যুদ্ধ শেষ করার কোনো পরিকল্পনা করছে না। বরাদ্দকৃত এই সামরিক ব্যয় পূর্ববর্তী তিন বছরের বাজেটের তুলনায় ১২১ বিলিয়ন ডলার বেশি।
২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ শুরু করার পর থেকে মস্কো সামরিক খাতে প্রায় ৭১০ বিলিয়ন ডলার ব্যয় করেছে। নতুন বাজেটের অধীনে এই ব্যয়ের পরিমাণ ২০২৭ সালের শেষ নাগাদ প্রায় ৯১৮ বিলিয়ন ডলারে, ২০২৮ সালের শেষ নাগাদ প্রায় ১.১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে এবং ২০২৯ সালের শেষ নাগাদ তা ১.৩ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।
পুতিন সরকার খনি কম্পানিগুলোর ওপর অতিরিক্ত কর এবং নাগরিকদের বিনিয়োগ থেকে প্রাপ্ত আয়ের ওপর কর আরোপের মাধ্যমে ক্রমবর্ধমান সামরিক ব্যয় মেটানোর চেষ্টা করছে। পাশাপাশি সরকার আবাসন ও ইউটিলিটি সেবা (যা ৮ শতাংশ কমবে) এবং স্বাস্থ্যসেবাসহ (যা ৩ শতাংশ কমানো হবে) অনেক বেসামরিক খাতে ব্যয় কমাবে।
পেনশন ভাতাসহ সামাজিক নিরাপত্তা খাতের সহায়তাও ৬ শতাংশ কমানো হবে। ইউক্রেনে প্রায় পাঁচ বছর ধরে চলা যুদ্ধের ব্যয় নির্বাহের জন্য পুতিন ক্রমশ ব্যবসা প্রতিষ্ঠান এবং ভোক্তাদের কাছ থেকে কর রাজস্ব আদায়ের ওপর চাপ বাড়াচ্ছেন, যদিও দেশটির অর্থনীতি বেসামরিক চাহিদার বিনিময়ে সামরিক ব্যয়ের দিকেই বেশি ঝুঁকে পড়ছে।
বিপুল সামরিক ব্যয় এবং মন্থর অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে চলতি বছর রাশিয়ার বাজেট ঘাটতি পূর্বাভাস ছাড়িয়ে গেছে। এ ছাড়া নিষেধাজ্ঞা, অ-সামরিক কোম্পানিগুলোর জন্য উচ্চ সুদের হার, শ্রমিক সংকট এবং তেল শোধনাগার ও রপ্তানি টার্মিনালগুলোতে ইউক্রেনীয় হামলার কারণেও দেশটির অর্থনীতি চাপে পড়েছে।
মার্কিন মধ্যস্ততায় যুদ্ধ বন্ধে একটি সমঝোতা চেষ্টার মধ্যেই রাশিয়ার পার্লামেন্ট শনিবার এই বাজেট পাশ করে।
যুদ্ধ চালিয়ে যাওয়ার আকাঙ্ক্ষার এই বাজেটটি এমন এক সময়ে পাস হলো যখন ট্রাম্প বলেছেন, তিনি পুতিনকে ইউরোপের বিরুদ্ধে সব ধরনের সামরিক আগ্রাসন প্রত্যাহার করার অনুরোধ করেছেন। মার্কিন নেতা জানান, গত সপ্তাহে চীনে তাদের বৈঠকের সময় তিনি পুতিনকে এই অনুরোধ করেছিলেন। তিনি আরও যোগ করেন যে, এটি ইউক্রেনে মস্কোর দীর্ঘস্থায়ী যুদ্ধের অবসানে একটি চুক্তিতে পৌঁছাতে সহায়ক হবে বলে তিনি মনে করেন।
ট্রাম্প তার 'ট্রুথ সোশ্যাল' নেটওয়ার্কে বলেন, ‘চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আমার আলোচনার সময়, আমি এই বিষয়ে অনেকটা সময় ব্যয় করেছি যে আমি দেখতে চাই প্রেসিডেন্ট পুতিন ইউরোপ জুড়ে বিভিন্ন ভূখণ্ডের বিরুদ্ধে সব ধরনের সামরিক আগ্রাসন প্রত্যাহার করে নিয়েছেন।’ ট্রাম্প বলেন, তিনি এটি করেছেন এই আশায় যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি চুক্তি হতে পারে এবং তা দ্রুতই হতে পারে। তিনি আরও যোগ করেন, ‘আমি সত্যিই বিশ্বাস করি এর একটি জোরালো সম্ভাবনা রয়েছে।’
বিবৃতিতে ট্রাম্প ঠিক কোন ভূখণ্ডগুলোর কথা বুঝিয়েছেন তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করেননি—এবং বিশেষভাবে ইউক্রেনের নামও অন্তর্ভুক্ত করেননি, যেখানে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া আক্রমণ চালিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের বৃহত্তম যুদ্ধের সূচনা করেছিল।