গাজায় স্থল অভিযান শুরুর প্রথম কয়েক মাসে ফিলিস্তিনিদের ৩৫ লাখ ছবি যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের ক্লাউডে আপলোড করেছিল ইসরায়েলি সামরিক বাহিনী। এসব ছবি বিশ্লেষণ করতে অ্যামাজনের মুখমণ্ডল শনাক্ত করার প্রযুক্তি ব্যবহার করা হয়।
খবর প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ১০:১১ এএম

গাজায় স্থল অভিযান শুরুর প্রথম কয়েক মাসে ফিলিস্তিনিদের ৩৫ লাখ ছবি যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের ক্লাউডে আপলোড করেছিল ইসরায়েলি সামরিক বাহিনী। এসব ছবি বিশ্লেষণ করতে অ্যামাজনের মুখমণ্ডল শনাক্ত করার প্রযুক্তি ব্যবহার করা হয়।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি সামরিক বাহিনীর ‘রোলিং স্টোন’ নামের একটি বিভাগ এসব ছবি আপলোড করে। পশ্চিম তীর ও গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের তথ্য সংগ্রহ ও সংরক্ষণের কাজে যুক্ত এই বিভাগ। ফিলিস্তিনিদের বিভিন্ন তথ্য নিয়ে সামরিক বাহিনীর যে মূল তথ্যভান্ডার রয়েছে, তার সঙ্গে বিভাগটি কাজ করে।
২০২৪ সালের শুরুর দিকে অ্যামাজনের কাছে ছবি আপলোডের পরিকল্পনার কথা জানায় বিভাগটি। উদ্দেশ্য ছিল, অ্যামাজনের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ছবি বিশ্লেষণ প্ল্যাটফর্ম ‘রিকগনিশন’ ব্যবহার করে ফিলিস্তিনিদের মুখ শনাক্ত করা।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় স্থল অভিযান শুরু করে ইসরায়েল। এরপর থেকে বিভিন্ন তল্লাশিচৌকিতে যাতায়াত করা ফিলিস্তিনিদের ছবি সংগ্রহ করে আসছে ইসরায়েলি সামরিক বাহিনী।
গাজায় অভিযান শুরুর প্রথম দিকে হামাসের হাতে আটক জিম্মিদের শনাক্ত করতে এই প্রযুক্তি ব্যবহার করে ইসরায়েল। এ ছাড়া যাদের জঙ্গি বলে সন্দেহ করা হতো, তাদের শনাক্ত করতেও মুখমণ্ডল চেনার প্রযুক্তি ব্যবহার করা হয়।
চুক্তিতে বিশেষ কিছু শর্ত রয়েছে। এসব শর্ত অনুযায়ী, চুক্তির নিয়ম ভঙ্গ হলেও যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ইসরায়েল সরকার ও সামরিক বাহিনীর জন্য ক্লাউড সেবা বন্ধ বা সীমিত করতে পারবে না। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের শুরুর দিকে ইসরায়েলে নতুন তথ্যকেন্দ্র চালু করে এডব্লিউএস। এর ফলে ইসরায়েল সরকার ও সামরিক বাহিনী নিজেদের সার্ভারে থাকা তথ্য এসব তথ্যকেন্দ্রে সংরক্ষণ করতে পারে।
২০২৩ সালজুড়ে সামরিক বাহিনীর ওই বিভাগ বিপুল পরিমাণ তথ্য এডব্লিউএসের ক্লাউডে স্থানান্তর করে। এই কাজে যুক্ত ছিলেন ইসরায়েলি সামরিক বাহিনীর এমন এক কর্মকর্তা বলেন, ‘রোলিং স্টোনের পরিকল্পনা ছিল ছবি, ভিডিও ও সব গোপন গোয়েন্দা তথ্য—সবকিছুই স্থানান্তর করা।’
এ ছাড়া তেল আবিবে নিজেদের তথ্যকেন্দ্রে সংরক্ষিত তথ্যের জন্য আলাদা ও সুরক্ষিত ব্যবস্থা তৈরি করে দেয় এডব্লিউএস। সেখানে সামরিক অভিযান ও গোয়েন্দা তথ্য সংগ্রহের সঙ্গে সম্পর্কিত সংবেদনশীল তথ্য রাখা হয়। তথ্যের নিরাপত্তায় উন্নত ডিজিটাল ব্যবস্থার পাশাপাশি শারীরিক নিরাপত্তাও জোরদার করা হয়েছে। ২০২৪ সালে ইসরায়েলি সামরিক বাহিনীর কর্মকর্তাদের এডব্লিউএসের তেল আবিব কার্যালয়ে কাজ করতেও দেখা যায়।
এ বিষয়ে এডব্লিউএসের এক মুখপাত্র বলেন, গ্রাহকেরা নিয়মিত আলোচনা ও বৈঠকের জন্য তাদের কার্যালয়ে আসেন। এসব সফরকে স্বাভাবিক গ্রাহক-যোগাযোগের বাইরে অন্য কোনো বিষয় হিসেবে দেখার ভিত্তি নেই। এ ধরনের দাবি ভুল এবং এর পক্ষে কোনো প্রমাণও নেই বলে জানান তিনি।