NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬ | ১২ কার্তিক ১৪৩৩
Logo
logo

হোটেলের ইজারা নিয়ে বিরোধ, ৫ জনকে গুলি করে হত্যা


খবর   প্রকাশিত:  ২৭ অক্টোবর, ২০২৬, ১০:১০ এএম

হোটেলের ইজারা নিয়ে বিরোধ, ৫ জনকে গুলি করে হত্যা

ভারতের আসামের গুয়াহাটিতে হোটেলের ইজারাসংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজনকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে গুয়াহাটির ব্যস্ত জিএস রোডের ‘হোটেল বিলাস ইন’-এ এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

 

টেলিগ্রাফ ইন্ডিয়া জানিয়েছে, হত্যাকাণ্ডের এক ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত হোটেল ইজারাদার ঘনাকান্ত গগৈকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটকের সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটিও উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে চারজনই হোটেলটির মালিক পরিবারের সদস্য এবং পঞ্চম ব্যক্তি তাদের গ্রামের বাসিন্দা। 


 

গুয়াহাটির পুলিশ কমিশনার পার্থ সারথি মহান্ত জানান, ঘনাকান্ত গগৈ প্রায় এক বছর আগে ‘হোটেল বিলাস ইন’ লিজ নিয়েছিলেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, হোটেলের ইজারা চুক্তি ও সম্পত্তি সংক্রান্ত বিরোধের কারণেই তিনি এই হামলা চালান।

 

গুলিবর্ষণের ঘটনায় মোট ছয়জন গুলিবিদ্ধ হন, যার মধ্যে পাঁচজন প্রাণ হারিয়েছেন। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় এবং পঞ্চম ব্যক্তি, নারায়ণ দাস (৪৮) গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে (জিএমসিএইচ) মারা যান। অন্যদিকে ডান কাঁধে গুলিবিদ্ধ সত্যেন্দ্র পাঠক (৪২) নামের অপর এক ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

 

 

আসামের ব্যস্ত বাণিজ্যিক এলাকায় এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) আসাম রাজ্য কংগ্রেস সভাপতি গৌরব গগৈ রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির তীব্র সমালোচনা করেন এবং এই ঘটনার দায়ভার গ্রহণ করার জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি দাবি জানান।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।