যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় স্থানীয় একটি হ্রদে সাঁতার কাটতে গিয়ে বিরল ও প্রাণঘাতী অ্যামিবার সংক্রমণে ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ‘নেগলেরিয়া ফাওলেরি’ নামক একবংশীয় পরজীবীর সংক্রমণে শিশুটি মারা যায় বলে লুইজিয়ানা স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে।
খবর প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬, ১০:০৮ এএম

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় স্থানীয় একটি হ্রদে সাঁতার কাটতে গিয়ে বিরল ও প্রাণঘাতী অ্যামিবার সংক্রমণে ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ‘নেগলেরিয়া ফাওলেরি’ নামক একবংশীয় পরজীবীর সংক্রমণে শিশুটি মারা যায় বলে লুইজিয়ানা স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্র জানায়, নিহত শিশুটির নাম লিলিয়ান স্মার্ট। ক্লেইবোর্ন হ্রদে সাঁতার কাটার পর থেকে সে অসুস্থ হয়ে পড়ে এবং ১৫ আগস্ট থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিল। পরে নিজের অষ্টম জন্মদিন উদযাপনের ঠিক একদিন পর রাস্টনের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবারের পক্ষ থেকে এ মৃত্যুর সংবাদ নিশ্চিত করে জানানো হয়েছে, পরজীবীর কারণে শিশুটির মস্তিষ্কে মারাত্মক ফোলাভাব তৈরি হয়েছিল।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, এই অ্যামিবা মানবদেহে প্রবেশ করে ‘প্রাইমারি অ্যামিবিক মেনিনগোএনসেফালাইটিস’ (পিএএম) নামক মারাত্মক সংক্রমণ ঘটায়। এটি মূলত উষ্ণ মিষ্টি পানিতে বাস করে এবং সাঁতার কাটার সময় নাকের মাধ্যমে মানুষের শরীরে ঢুকে মস্তিষ্কে পৌঁছে যায়। তবে এই পানি পান করলে সংক্রমণ হয় না এবং এটি ছোঁয়াচেও নয়।
মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)-এর তথ্য অনুযায়ী, পিএএম একটি অত্যন্ত বিরল রোগ হলেও এর মৃত্যুহার প্রায় ৯৭ শতাংশ।