বিশ্বরাজনীতির মঞ্চে কখনো ছড়ায় তুমুল উত্তেজনা, কখনো আবার তৈরি হয় অনভিপ্রেত কিছু মুহূর্ত। ফ্রান্সে আয়োজিত জি-৭ সম্মেলনে বিশ্বনেতাদের উপস্থিতিতে এবার তেমনই এক চরম অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে এই ঘটনার একটি ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, সম্মেলনের ফাঁকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে আলাপ করছিলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি। ঠিক ওই সময় সেখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি। আচমকা দেখা হওয়ায় একে অপরকে সৌজন্যমূলক অভিবাদন জানাতে এগিয়ে যান দুই রাষ্ট্রপ্রধান।
কিন্তু মেলোনি কাছাকাছি আসতেই তাকে চুম্বন করতে যান জেলেনস্কি। গতিপ্রকৃতি দেখে মুহূর্তের জন্য ভড়কে গেলেও দ্রুত পরিস্থিতি সামলে নেন মেলোনি। কোনোমতে নিজেকে সামলে নিয়ে পাশ্চাত্য কায়দায় গালে গাল ঠেকিয়ে সৌজন্য বিনিময় সারেন তিনি। এরপর দ্রুতই যে যার পথে এগিয়ে যান।
তবে শুধুই অস্বস্তি নয়, জি-৭ সম্মেলনের মঞ্চে আরো একবার দেখা মিলল বহুল আলোচিত ‘মেলোডি’ (মেলোনি ও মোদি) রসায়নের। গ্রুপ ছবি তোলার জন্য বিশ্বনেতারা যখন সারিবদ্ধভাবে দাঁড়াচ্ছিলেন, তখন মঞ্চের সব আলো কেড়ে নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বাগতিক ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
অন্য একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, রাষ্ট্রনেতাদের ভিড় ঠেলে মোদির দিকে এগিয়ে যান মেলোনি এবং হেসেই করমর্দন করেন। এরপর দুজনের মধ্যে কিছুক্ষণ হালকা মেজাজে কথাবার্তা চলতে থাকে, যা দেখে মেলোনিকে বেশ হাসিখুশি মনে হচ্ছিল।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর দাবি, কুশল বিনিময়ের সময় মোদি বলেন, ‘আপনার সঙ্গে ফের দেখা হয়ে খুব আনন্দিত।’ জবাবে মোদির দিকে তাকিয়ে চওড়া হাসিতে মেলোনি রসিকতা করে বলেন, ‘হ্যাঁ! আমরাই তো এখন ইনস্টাগ্রামের সবচেয়ে জনপ্রিয় জুটি।’


