ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার (২৯ এপ্রিল) সকাল ৭টা ভোটগ্রহণ শুরু হয়। রাজ্যের সাত জেলায় ১৪২টি আসনে ভোটগ্রহণ চলছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।
এই পর্বে মোট ভোটারের সংখ্যা ৩ কোটি ২১ লক্ষ ৭৩ হাজার ৮৩৭। পুরুষ ভোটার ১ কোটি ৬৪ লক্ষের বেশি, নারী ১ কোটি ৫৭ লক্ষের বেশি। সোমবার রাতে ট্রাইবুনালের রায়ে ১ হাজার ৪৬৮ জনের নাম যুক্ত হয়েছে। বাদ পড়েছেন ছয় জন।
শেষ দফায় বুথের সংখ্যা ৪১ হাজার একটি। এর মধ্যে ৪ হাজার ৮৩৩ বুথকে অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে।
অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে নির্বাচন কমিশন কড়া ব্যবস্থা নিয়েছে। গত দুদিনে দুই হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে অশান্তি এড়াতে।
বিপুল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। দুই হাজার ৩০০ কম্পানির বেশি বাহিনী রয়েছে এই দফায়। পাশাপাশি প্রায় ৩৯ হাজার রাজ্য পুলিশ কর্মীও নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।
সবচেয়ে বেশি বাহিনী রয়েছে উত্তর ২৪ পরগনায়। বিভিন্ন পুলিশ জেলা মিলিয়ে মোট ৫১২ কোম্পানি।
এ সবের সঙ্গে নামানো হয়েছে এনআইএ-কে। কলকাতার বিভিন্ন স্থানের পাশাপাশি জেলাতেও তারা নজরদারি চালাচ্ছে।
শেষ পর্যায়ের ভোটযুদ্ধে ময়দানে রয়েছেন এক হাজার ৪৪৮ জন প্রার্থী। এর মধ্যে পুরুষ প্রার্থী এক হাজার ২২৮, নারী ২২০ জন।
অনেকগুলি হাইপ্রোফাইল কেন্দ্র নজরে রয়েছে। ভবানীপুরে মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর লড়াই।উত্তর ২৪ পরগনার পানিহাটিতে বিজেপির টিকিটে লড়ছেন আরজি কর হাসপাতালে নিহত চিকিৎসকের মা।
এই পর্বে যে উল্লেখযোগ্য প্রার্থীরা লড়ছেন, তাদের মধ্যে রয়েছেন রাজ্যের বিদায়ী মন্ত্রিসভার সদস্য শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, জাভেদ খান, শশী পাঁজা, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, বেচারাম মান্না। বিজেপির হয়ে লড়াইয়ে তাপস রায়, স্বপন দাশগুপ্ত, অর্জুন সিং, সজল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায়।
সিপিএম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য, মীনাক্ষী মুখোপাধ্যায়, দীপ্সিতা ধরের দিকে নজর রয়েছে। নওশাদ সিদ্দিকী আইএসএফের হয়ে ময়দানে রয়েছেন।
২৯৪ আসনবিশিষ্ট পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে ২৩ এপ্রিল প্রথম দফায় ১৫২ কেন্দ্রে ভোট নেয়া হয়। সেদিনের মতো শেষ দফাতেও ভোট নির্বিঘ্নে সম্পন্ন করা কমিশনের কাছে চ্যালেঞ্জের। তৃণমূল কংগ্রেসের প্রত্যাবর্তন না সরকার পরিবর্তন হবে, জানা যাবে ৪ মে।


