পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী এবং তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য কোয়েল মল্লিক অবশেষে উচ্চকক্ষের সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। কয়েকদিন ধরেই তাঁর পদত্যাগ নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছিল।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১১ জুন) রাজ্যসভার চেয়ারম্যানের কাছে ইমেইলের মাধ্যমে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন কোয়েল মল্লিক।
সম্প্রতি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজয়ের মুখ দেখার পর থেকেই দলটির অভ্যন্তরে নানা পরিবর্তনের ইঙ্গিত মিলছে। এরই ধারাবাহিকতায় এর আগে তৃণমূলের রাজ্যসভার সদস্য সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইকও পদত্যাগ করেছেন।
রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যেই দলটির আরও কয়েকজন সদস্য পদত্যাগ করতে পারেন।
উল্লেখ্য, দীর্ঘদিন অভিনয়জগতেই সক্রিয় থাকলেও রাজনীতির ময়দান থেকে নিজেকে দূরে রেখেছিলেন কোয়েল মল্লিক। তাই ফেব্রুয়ারিতে রাজ্যসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় তাঁর নাম ঘোষণার পর অনেকেই বিস্ময় প্রকাশ করেছিলেন।
সেই সময় নিজের নতুন দায়িত্ব নিয়ে কোয়েল বলেছিলেন, ‘অনেক ভেবে যে সিদ্ধান্ত নিয়েছিলাম, তা নয়। এটা তো একটা মহৎ দায়িত্ব, দেশের সেবা, মানুষের সেবা—এর থেকে তো বড় মহৎ কাজ হতে পারে না।’
তবে তৃণমূল কংগ্রেসের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই তিনি রাজ্যসভার সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। যদিও তাঁর পদত্যাগের নির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।


