ইরান জনবহুল বেসামরিক এলাকা থেকে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। দেশটির সাধারণ মানুষের জন্য পাঠানো এক মার্কিন সতর্কবার্তায় বলা হয়েছে, ইরান জেনেশুনেই নিরীহ মানুষের জীবন ঝুঁকির মধ্যে ফেলছে।
রবিবার (৮ মার্চ) মার্কিন কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম-এর বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন।
এক বিবৃতিতে সেন্টকম জানায়, ইরান ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকা থেকে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে।
বিবৃতিতে বলা হয়, এ ধরনের বিপজ্জনক সিদ্ধান্ত ইরানের সব বেসামরিক মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে। কারণ সামরিক উদ্দেশে ব্যবহৃত স্থান আন্তর্জাতিক আইনের অধীনে ‘সুরক্ষিত’ মর্যাদা হারিয়ে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হয়ে যেতে পারে।
সিএনএন-এর প্রতিবেদনে এক মার্কিন কর্মকর্তা জানান, সাম্প্রতিক ইরান ঘনবসতিপূর্ণ শহরে মোবাইল ড্রোন বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার ব্যবহার করার একাধিক ঘটনা যুক্তরাষ্ট্রের নজরে এসেছে।
সতর্কবার্তার বিষয়ে মার্কিন এই কর্মকর্তা বলেন, এই সতর্কবার্তার অর্থ এই নয় যে যুক্তরাষ্ট্র উল্লিখিত শহরগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে সামরিক কাজে ব্যবহৃত স্থাপনার আশপাশে বেসামরিকদের নিরাপত্তা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব নাও হতে পারে বলে জানানো হয়েছে।
ইরানের সাধারণ নাগরিকদের ঘরে থাকার জন্য জোরালোভাবে আহ্বান জানাচ্ছে মার্কিন বাহিনী।


