পাকিস্তানে আটকে থাকা ৫৩৫ জন আফগান নাগরিককে জার্মানিতে বসবাসের অনুমতি দেওয়া হবে বলে জার্মান সরকার বৃহস্পতিবার জানিয়েছে। আগে তাদের জার্মানিতে আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু তারা পাকিস্তানে অনিশ্চয়তার মধ্যে আটকা পড়েছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ট আরএনডি মিডিয়া নেটওয়ার্ককে বলেছেন, বার্লিন চায় ‘ডিসেম্বরে যতটা সম্ভব’ এসব মামলার প্রক্রিয়া শেষ করতে, যাতে সংশ্লিষ্ট আফগানরা জার্মানিতে প্রবেশ করতে পারেন। এই আফগান নাগরিকদের আগের জার্মান সরকারের একটি শরণার্থী কর্মসূচির আওতায় নেওয়া হয়েছিল।
কর্মসূচির অন্তর্ভুক্তদের মধ্যে কেউ কেউ আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে অভিযানে জার্মান সশস্ত্র বাহিনীর সঙ্গে কাজ করেছেন। আবার কেউ ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর বিশেষ ঝুঁকিতে রয়েছেন।
পাকিস্তান বছরের শেষ নাগাদ এসব মামলার নিষ্পত্তির সময়সীমা নির্ধারণ করেছিল।
সরকার পাকিস্তানে থাকা ব্যক্তিদের জার্মানিতে বসবাসের দাবি ত্যাগের বিনিময়ে অর্থ প্রস্তাবও দিয়েছে।


