দীর্ঘ অপেক্ষার পর প্রেক্ষাগৃহে ফিরেছে ইমরান হাশমির জনপ্রিয় সিনেমা ‘আওয়ারাপন’-এর দ্বিতীয় কিস্তি ‘আওয়ারাপন ২’। ১৪ আগস্ট মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে রোমান্টিক-অ্যাকশন ঘরানার সিনেমাটি।
বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, শুক্রবার ভারতে ৯ হাজার ৩৩টি শো থেকে ‘আওয়ারাপন ২’ আয় করেছে ২১ কোটি রুপি নেট। বিশ্বব্যাপী সিনেমাটির প্রথম দিনের গ্রস সংগ্রহ দাঁড়িয়েছে ২৭ কোটি ২০ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ৩৪ কোটি টাকারও বেশি।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, মুক্তির প্রথম দিনে সিনেমাটির সার্বিক থিয়েটার অকুপেন্সি ছিল ৪৫ দশমিক ৭৩ শতাংশ।
স্বাধীনতা দিবসকে ঘিরে কৌশলগতভাবে মুক্তি পাওয়া সানি দেওল ও প্রীতি জিনতা অভিনীত ‘বাটওয়ারা ১৯৪৭’-এর তুলনায়ও অনেক এগিয়ে রয়েছে ‘আওয়ারাপন ২’।
প্রথম দিনের ব্যবসার পাশাপাশি আরও একটি চমক দেখিয়েছে সিনেমাটি। মুক্তির মাত্র এক দিনের মধ্যেই ইমরান হাশমির ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা ‘মার্ডার’-এর পুরো সময়ের আয়কে ছাড়িয়ে গেছে ‘আওয়ারাপন ২’। ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘মার্ডার’ ভারতীয় বাজারে প্রায় ১৬ কোটি রুপি নেট আয় করেছিল।
শুধু ‘মার্ডার’ নয়, প্রথম ‘আওয়ারাপন’-এর লাইফটাইম আয়ও এক দিনেই ছাড়িয়ে গেছে সিক্যুয়ালটি। ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘আওয়ারাপন’ বক্স অফিসে বড় সাফল্য না পেলেও পরবর্তী সময়ে ইমরান হাশমির ক্যারিয়ারের অন্যতম কাল্ট সিনেমা হিসেবে দর্শকদের কাছে বিশেষ জায়গা করে নেয়। দীর্ঘ অপেক্ষার পর দ্বিতীয় কিস্তি মুক্তি পাওয়ায় শুরু থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে।
সিনেমাটিতে শিবম পণ্ডিত চরিত্রে ফিরেছেন ইমরান হাশমি। তার সঙ্গে রয়েছেন দিশা পাটানি, পুরান গাব্বি, অনিরুদ্ধ রাওয়াল, শাবানা আজমি, সুবিন্দর ভিকি, বিজয়ন্ত কোহলি ও অতুল কুমার।
নিতিন কক্কর পরিচালিত ‘আওয়ারাপন ২’ প্রযোজনা করেছেন বিশাল ভাট ও মুকেশ ভাট। বিশেষ ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির প্রথম দিনের সাফল্যের পর এরই মধ্যে তৃতীয় কিস্তির সম্ভাবনা নিয়ে ইঙ্গিত দিয়েছেন ইমরান হাশমি। ফলে ‘আওয়ারাপন’ ভক্তদের অপেক্ষার তালিকায় এবার যুক্ত হতে পারে আরও একটি অধ্যায়।


