জঙ্গিদের লাগাতার টার্গেটে থাকা ভারতীয় কৌতুকাভিনেতা কপিল শর্মার নিরাপত্তা বাড়াল ভারতের মুম্বাই পুলিশ। কানাডার সারে-তে তাঁর মালিকাধীন ‘ক্যাপস ক্যাফে’-তে এক মাসের মধ্যে দু-দুবার গুলি চালিয়েছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গোষ্ঠীর সদস্যরা। এমনকি মুম্বাইতেও কপিলের ওপরে একে-৪৭ দিয়ে হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে।
জঙ্গিদের ওই হুমকির প্রেক্ষিতেই জনপ্রিয় কৌতুকাভিনেতার নিরাপত্তা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই পুলিশ।
সম্প্রতি ব্যবসায় নেমেছেন জনপ্রিয় কৌতুকাভিনেতা কপিল শর্মা। নিজে পাঞ্জাবি হওয়ায় সম্প্রদায়ের কথা ভেবে কানাডায় খুলেছেন ‘ক্যাপস ক্যাফে’। যদিও অভিনয় ও টিভি শো নিয়ে চরম ব্যস্ত থাকায় ওই ব্যবসা নিজে দেখতে পারেন না কপিল।
সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ওই গুলি চালানোর এক ভিডিও ভাইরাল হয়েছে। অন্ততপক্ষে ২৫ রাউন্ড গুলি চলেছে। এ নিয়ে এক মাসের মধ্যে দ্বিতীয়বার কপিলের মালিকানাধীন ক্যাপস ক্যাফেতে গুলি চলার ঘটনা ঘটল। যদিও ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি।
কানাডার ক্যাফেতে ৭ আগস্ট হামলার পরের দিন ৮ অগস্ট লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর এক সদস কপিলকে হুমকি দিয়েছিলেন, ‘সালমান খানের সঙ্গে সম্পর্কে ইতি না টানলে এবার মুম্বাইতেই হাম একে-৪৭ দিয়ে ঝাঁজরা করে দেওয়া হবে।’


