মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিনোদন পার্কে রোলার কোস্টার দুর্ঘটনায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। আটলান্টা থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরে অবস্থিত ‘সিক্স ফ্ল্যাগস ওভার জর্জিয়া’ নামক বিনোদন পার্কে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
বিবিসি জানিয়েছে, পুলিশ নির্দিষ্ট করে দুর্ঘটনার শিকার রাইডটির নাম প্রকাশ না করলেও হেলিকপ্টার থেকে তোলা ফুটেজে দেখা গেছে পার্কের ‘গোলিয়াথ’ নামের বিশাল রোলারকোস্টারটি মাঝপথে আটকে রয়েছে। সেখানে কর্মীরা আটকে পড়া আরোহীদের নিচে নামিয়ে আনতে কাজ করছেন।
ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা স্থানীয় গণমাধ্যমকে জানান, তারা এক ব্যক্তিকে চলন্ত রাইড থেকে ছিটকে পড়তে দেখেছেন।
দুর্ঘটনার পর ‘সিক্স ফ্ল্যাগস ওভার জর্জিয়া’ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ‘আজ আমাদের পার্কে ঘটে যাওয়া অতিথির মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। আমরা নিহতের পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
পার্কের ওয়েবসাইট অনুযায়ী, ২০০৬ সালে চালু হওয়া ২০০ ফুট উঁচু ‘গোলিয়াথ’ রোলারকোস্টারটি ঘণ্টায় প্রায় ১১২ কিলোমিটার গতিতে চলতে পারে। পার্কটির ‘থ্রিল স্কেল’-এ এটি অত্যন্ত উচ্চমাত্রার রোমাঞ্চকর রাইড হিসেবে চিহ্নিত। উল্লেখ্য, ‘সিক্স ফ্ল্যাগস’ উত্তর আমেরিকার সর্ববৃহৎ অ্যামিউজমেন্ট পার্ক পরিচালনাকারী সংস্থা।


