রোববার আয়ারল্যান্ডে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্পকে ৯/১১ হামলার সঙ্গে সংশ্লিষ্ট অতিরিক্ত সরকারি নথি প্রকাশের বিষয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে ফিরে বিষয়টি তিনি দেখবেন।
ট্রাম্পের এই মন্তব্য ৯/১১ হামলার ২৫তম বার্ষিকী পালনের মাত্র কয়েক দিন পর এলো। ২০০১ সালের ওই হামলায় নিউইয়র্ক, পেন্টাগন এবং পেনসিলভানিয়ায় প্রায় ৩ হাজার মানুষ নিহত হন। নিহতদের পরিবারের সদস্যরা বহু বছর ধরে এমন কিছু নথি প্রকাশের দাবি জানিয়ে আসছেন, যেগুলো থেকে হামলাকারীদের সঙ্গে সৌদি আরবের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্ভাব্য যোগাযোগ বা সহায়তার বিষয়ে আরও তথ্য পাওয়া যেতে পারে। ৯/১১ হামলার ১৯ ছিনতাইকারীর মধ্যে ১৫ জনই সৌদি নাগরিক ছিলেন।
৯/১১ হামলায় নিহতদের পরিবারের সদস্য টেরি স্ট্রাডাসহ অনেকে দীর্ঘদিন ধরে অতিরিক্ত নথি প্রকাশের জন্য প্রশাসনের ওপর চাপ দিয়ে আসছেন। ২৫তম বার্ষিকীর স্মরণ অনুষ্ঠানে স্ট্রাডা ট্রাম্পের প্রতি আরও তথ্য প্রকাশ এবং পরিবারগুলোর জন্য অধিক স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান। তবে সৌদি আরব বরাবরই ৯/১১ হামলায় কোনো ধরনের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে আসছে। হামলার সঙ্গে সৌদি নাগরিকদের সম্ভাব্য যোগাযোগের বিষয়টি নিয়ে বছরের পর বছর তদন্ত ও আইনি লড়াইও হয়েছে।
ট্রাম্পের বক্তব্য এখনই নথি প্রকাশের কোনো নিশ্চয়তা নয়। তবে তাঁর মন্তব্য ৯/১১ হামলাকে ঘিরে দীর্ঘদিনের গোপন নথি, গোয়েন্দা তথ্য এবং সম্ভাব্য বিদেশি সহায়তা নিয়ে বিতর্ককে নতুন করে সামনে আনতে পারে। যুক্তরাষ্ট্রের পাবলিক ইন্টারেস্ট ডিক্লাসিফিকেশন বোর্ডও ৯/১১-সংক্রান্ত ঐতিহাসিক গুরুত্বপূর্ণ নথি প্রকাশের বিষয়ে কাজ করছে। এর মধ্যে ৯/১১ কমিশনের সঙ্গে সংশ্লিষ্ট কিছু গোয়েন্দা মূল্যায়ন ও হামলার আগে মার্কিন কর্মকর্তারা কী তথ্য জানতেন, সে বিষয়েও নথি রয়েছে।
নিহতদের পরিবারগুলোর কাছে ট্রাম্পের এই বক্তব্য তাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ২৫ বছর ধরে তারা জানতে চাইছেন, হামলার আগে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো কী জানত এবং হামলাকারীরা বিদেশি কোনো ব্যক্তি বা পক্ষের কাছ থেকে সহায়তা পেয়েছিল কি না।
--


