আন্তর্জাতিক পর্যায়ে পর্যটন খাতে বিনিয়োগ, আকাশপথে যোগাযোগ সম্প্রসারণ এবং টেকসই পর্যটন উন্নয়নে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী।
মন্টেনিগ্রোর রাজধানী পডগোরিৎসায় গত ১৩ অক্টোবর অনুষ্ঠিত উচ্চপর্যায়ের পর্যটন বিনিয়োগ ফোরামে প্যানেল আলোচক হিসেবে অংশ নিয়ে তিনি বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনা ও বিনিয়োগের সুযোগ তুলে ধরেন।
এতে মন্টেনিগ্রো, মাল্টা, বুলগেরিয়া, মালদ্বীপ, আলবেনিয়া, সাইপ্রাস ও মালয়েশিয়ার মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরাও অংশ নেন।
মন্টেনিগ্রো সরকার ও জাতিসংঘের পর্যটনবিষয়ক সংস্থা ইউএন ট্যুরিজমের যৌথ উদ্যোগে আয়োজিত এ ফোরামে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশের পর্যটনমন্ত্রী, নীতিনির্ধারক এবং পর্যটন খাতের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় পর্যটনে বিনিয়োগ ও আন্তর্জাতিক অংশীদারত্ব, দক্ষ জনশক্তি গড়ে তোলা, ভ্রমণ সহজীকরণ, আকাশপথে যোগাযোগ বৃদ্ধি এবং টেকসই পর্যটন উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পায়।
ফোরামের উদ্বোধনী পর্বে বক্তব্য দেন মন্টেনিগ্রোর পর্যটনমন্ত্রী সিমোনিদা কোরদিচ, ইউএন ট্যুরিজমের মহাসচিব শাইখা আল নুওয়াইস, মালদ্বীপের ড. আবদুল্লা নিয়াজ এবং ফিলিপাইনের ডাকিলা এফ. গনজালেস।
ফোরামের আলোচনার পর ‘পডগোরিৎসা ঘোষণা’ গৃহীত হয়। আয়োজকদের মতে, পর্যটন খাতে সহযোগিতা ও অংশীদারত্বের বিষয়ে এ ঘোষণা ফোরামের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী বলেন, আন্তর্জাতিক এ ফোরামে অংশগ্রহণ বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনা তুলে ধরা এবং বৈশ্বিক অংশীদারদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। এর মাধ্যমে পর্যটনে বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনাও আরো জোরালোভাবে তুলে ধরার সুযোগ হয়েছে।