Subrata Chowdhury প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৬, ০৭:১০ এএম

সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি - যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে নিউ জার্সির আটলান্টিক সিটিতে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থীদের সঙ্গে ভোটার, দলীয় নেতাকর্মী ও কমিউনিটির প্রতিনিধিদের এক মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবর, বুধবার রাতে আটলান্টিক সিটির বেঙ্গল ক্লাবের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আসন্ন কংগ্রেস নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জ্যাক মুলকের পক্ষে বক্তব্য রাখেন তাঁর নির্বাচনী প্রচারণা ব্যবস্থাপক ও আটলান্টিক কাউন্টি ডেমোক্রেটিক পার্টির সাবেক চেয়ারম্যান মাইক সুলেমান। এ ছাড়া আটলান্টিক কাউন্টির শেরিফ পদপ্রার্থী সন রিগিন, আটলান্টিক সিটির কাউন্সিল অ্যাট-লার্জ সদস্য স্টিফেনি মার্শাল এবং আটলান্টিক কাউন্টি ডেমোক্রেটিক কমিটির সদস্য সুব্রত চৌধুরী বক্তব্য দেন। বক্তারা ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থীদের নির্বাচনী কর্মসূচি ও তাঁদের সমর্থনের পক্ষে বক্তব্য তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রার্থীরা তাঁদের নির্বাচনী লক্ষ্য, পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থিত ভোটার ও কমিউনিটির প্রতিনিধিদের সামনে তুলে ধরেন। এ সময় স্থানীয় বিভিন্ন বিষয়, জনস্বার্থসংশ্লিষ্ট ইস্যু এবং নির্বাচনে ভোটারদের অংশগ্রহণের গুরুত্ব নিয়ে মতবিনিময় হয়। কমিউনিটি ব্যক্তিত্ব শাহরু রাজা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আকবর হোসেন, মো. দিদার, সাঈদ দোহা, মো. মুকিত, মাহবুব রহমান মজনু, মো. রানা (রানা কবির), মো. হাসান, ফেরদৌস আহমদ, মো. জাকিরসহ অন্যরা।

অনুষ্ঠানে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির নেতৃবৃন্দ এবং ডেমোক্রেটিক পার্টির কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা প্রার্থীদের সঙ্গে সরাসরি কথা বলার এবং তাঁদের নির্বাচনী পরিকল্পনা সম্পর্কে জানার সুযোগ পান। আয়োজকদের মতে, ভোটারদের সঙ্গে প্রার্থীদের সরাসরি যোগাযোগ স্থাপন, স্থানীয় ও জাতীয় বিভিন্ন ইস্যু নিয়ে খোলামেলা আলোচনা এবং নির্বাচনী প্রক্রিয়ায় কমিউনিটির অংশগ্রহণ বাড়ানোই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।