খবর প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ০৯:০৬ এএম

নিউইয়র্কের ব্রুকলিনে ১৬তম ব্রুকলিন স্ট্রিট ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৬ জুন (শনিবার) চার্চ-ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন (সিএমবিএ) এর আয়োজনে ম্যাকডোনাল্ড এভিনিউতে এই মেলা অনুষ্ঠিত হয়। মেলা আয়োজনে সার্বিক সহযোগীতায় ছিলো বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটি নিউইয়র্ক ইনক। পথমেলায় প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন কমিউনিটির মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

মেলায় উদ্যোক্তারা শাড়ি, চুড়ি গহণাসহ বিভিন্ন স্টল স্থাপনের মাধ্যমে নিজেদের পণ্য ও সেবা উপস্থাপন করার সুযোগ পান। শিশুদের জন্য নাগরদোলা, হরেক রকমের খেলনা বাড়তি আকর্ষণ সৃষ্টি করে। এছাড়া র্যাফেল ড্রতে গাড়িসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কারের ঘোষণা মেলার অন্যতম প্রধান আকর্ষণ হয়ে ওঠে, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে।
আয়োজক সংগঠন চার্চ-ম্যাকডোনাল্ড বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন ইনক জানায়, ১৬তম ব্রুকলিন স্ট্রিট ফেয়ার শুধু একটি বিনোদনমূলক আয়োজন নয়, বরং প্রবাসে বাংলাদেশি সংস্কৃতি ও অর্থনৈতিক সম্ভাবনাকে বৃহত্তর সমাজে তুলে ধরার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে আবারও নিজের অবস্থান সুদৃঢ় করেছে। প্রবাসের বুকে নতুন নারী উদ্যাক্তা তৈরিতেও ইতিবাচক প্রভাব ফেলবে মেলাটি।
তারা আরও জানান, এবারের মেলায় অংশগ্রহণ ছিল প্রত্যাশার চেয়েও বেশি। দিনব্যাপী নানা সাংস্কৃতিক পরিবেশনা ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণ দর্শনার্থীদের আকৃষ্ট করে। ভবিষ্যতে এ মেলা আরো ব্যাপক পরিসরে আয়োজনের আশাবাদও ব্যক্ত করেন তারা।