NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১০, ২০২৬ | ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
Logo
logo

বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন


খবর   প্রকাশিত:  ১০ জুন, ২০২৬, ১০:০৬ এএম

বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন

উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টে এক ছুরি হামলার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক অভিবাসীবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার শত শত বিক্ষোভকারী শহরের বিভিন্ন সড়কে নেমে আসে, যার মধ্যে কয়েকটি স্থানে যানবাহনে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

 

পুলিশ জানিয়েছে, সোমবার রাতে উত্তর বেলফাস্টে সংঘটিত ওই হামলায় এক ব্যক্তি মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত পান। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩০ বছর বয়সী এক সুদানি নাগরিককে গ্রেপ্তারের পরে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।


 

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার হামলাটিকে ‘জঘন্য’ বলে আখ্যায়িত করেছেন। হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

 

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, বর্তমানে ঘটনাটিকে সন্ত্রাসবাদী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে না। তবে সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যে অভিবাসন ইস্যুকে কেন্দ্র করে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে এই ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার বেলফাস্টের বিভিন্ন এলাকায় মুখোশধারী তরুণদের জড়ো হতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাঁজোয়া যান মোতায়েন করে।

বিক্ষোভকারীরা কয়েকটি যানবাহনে আগুন ধরিয়ে দেয়, যার মধ্যে একটি যাত্রীবাহী বাসও ছিল।

 


 

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, পূর্ব বেলফাস্টের একটি সড়কে প্রায় ১০০ জনের একটি দল বাড়িঘরে হামলা চালায়, দরজা ভাঙচুর করে এবং জানালার কাচ নষ্ট করে। এ সময় একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

এদিকে, লন্ডনের পার্লামেন্ট স্কয়ার এলাকায়ও কয়েক ডজন বিক্ষোভকারী সড়ক অবরোধ করে।

উত্তর আয়ারল্যান্ড পুলিশের সহকারী প্রধান কনস্টেবল রায়ান হেন্ডারসন ঘটনাটিকে ‘ক্রিটিক্যাল ইনসিডেন্ট’ হিসেবে ঘোষণা করেছেন।