NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৪, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

নিউইয়র্কে নর্থ সাউথ ইউনিভার্সিটি অ্যালামনাইয়ের ব্যতিক্রমী বাংলা নববর্ষ উদযাপন


খবর   প্রকাশিত:  ২১ মে, ২০২৬, ১০:০৫ এএম

নিউইয়র্কে নর্থ সাউথ ইউনিভার্সিটি অ্যালামনাইয়ের ব্যতিক্রমী বাংলা নববর্ষ উদযাপন

যুক্তরাষ্ট্রে বসবাসরত নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে নিউইয়র্কে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। নর্থ সাউথ ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউএসএ-এর উদ্যোগে গত ১৬ মে (শনিবার) নিউইয়র্কের লং আইল্যান্ডের ওয়ান্টাগ পার্কে অনুষ্ঠিত বৈশাখী উৎসবটি প্রবাসী বাংলাদেশিদের জন্য পরিণত হয় এক প্রাণবন্ত ও আনন্দঘন মিলনমেলায়।

নর্থ সাউথ ইউনিভার্সিটির অ্যালামনাই ও তাদের পরিবারবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে। বৈশাখী শাড়ি, পাঞ্জাবি ও বর্ণিল পোশাকে সজ্জিত অংশগ্রহণকারীদের উপস্থিতিতে পার্কজুড়ে সৃষ্টি হয় এক মনোমুগ্ধকর পরিবেশ। গ্রামীণ বাংলার লোকজ হস্তশিল্প, আলপনা, বাঁশ-বেতের কারুকাজ ও ঐতিহ্যবাহী উপকরণে সাজানো হয় উৎসব প্রাঙ্গণ, যা প্রবাসে এক টুকরো বাংলার আবহ এনে দেয়।

মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হওয়া দিনব্যাপী আয়োজনে ছিল আবৃত্তি, সংগীত, লোকজ পরিবেশনা, নৃত্য, ফ্ল্যাশ মব, দেশীয় খাবারের আয়োজন এবং নানা বিনোদনমূলক কার্যক্রম। অতিথিদের জন্য পরিবেশন করা হয় পান্তা-ইলিশ, বিভিন্ন ধরনের ভর্তা, পিঠা-পুলি, ফুচকা, চটপটি ও দেশীয় মিষ্টান্ন।

অধরা ও মিহিরের সাবলীল উপস্থাপনায় সাজানো সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন নিষাদ, শাওন, পাপীমনা, সজল রায় ও তানভীর শাহীন। শিল্পীদের পরিবেশনায় দর্শক-শ্রোতারা মুগ্ধ হন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অ্যালামনাইদের “টিকাটুলি” গানের সঙ্গে নৃত্য পরিবেশনা এবং সালসাবিল আশরাফের কোরিওগ্রাফিতে চমৎকার ফ্ল্যাশ মব।

শুভেচ্ছা বক্তব্যে কর্নফুলি ট্যাক্স সার্ভিসেস ইনক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসেম বলেন, প্রবাসে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ভবিষ্যতেও এমন সাংস্কৃতিক ও সামাজিক উদ্যোগে সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ছিল কর্নফুলি ট্যাক্স সার্ভিসেস ইনক, টেকস্পার্কস সলিউশনস, জেক্স এক্স স্টাফিং, প্রোটেক ওয়ার্ল্ড এবং ট্রিবিউন ট্রেনিং একাডেমি।

উৎসবস্থলের নান্দনিক সাজসজ্জায় নেতৃত্ব দেন সৈয়দ ইর্তেজা মোহাম্মদ মঈনউদ্দিন, আনিকা তাবাসসুম খান, শাহ ফারহান রাব্বানী, ফারাহ নাজ রাশিদ আরেফিন, রেহনুমা ঝলক ও নাবিলা তুষ্টি। তাদের সৃজনশীল পরিকল্পনায় পুরো প্রাঙ্গণটি রূপ নেয় বৈশাখের রঙে রাঙানো এক অনন্য পরিবেশে।

সমগ্র আয়োজনের সমন্বয় করেন জুলহাস ইউ আহমেদ, তামজিদ আহমেদ, আফজাল চৌধুরী ইমন, নিয়ামুল আরেফিন এবং শিহাবউদ্দিন চৌধুরী। ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির দায়িত্বে ছিলেন তামিম ঢালী এবং শব্দ ব্যবস্থাপনায় ছিলেন তানভীর শাহীন।

আয়োজকরা জানান, নর্থ সাউথ ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউএসএ ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত নেটওয়ার্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।