NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

নিউইয়র্ক টাইমস্ স্কয়ারে সম্প্রীতির ১৪৩৩ বাংলা বর্ষবরণ ১১ এপ্রিল


খবর   প্রকাশিত:  ১৩ মার্চ, ২০২৬, ০৯:০৩ এএম

নিউইয়র্ক টাইমস্ স্কয়ারে সম্প্রীতির ১৪৩৩ বাংলা বর্ষবরণ ১১ এপ্রিল

নিউইয়র্কে প্রবাসী বাঙালিদের উদ্যোগে সম্প্রীতির ১৪৩৩ বাংলা বর্ষবরণ আগামী ১১ এপ্রিল উদযাপিত হবে টাইমস স্কয়ারে। এর পরদিন ১২ এপ্রিল রোববার জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও বৈশাখী মেলা। যুক্তরাষ্ট্রে অভিবাসী বাঙালিদের অন্যতম বড় ও ঐতিহ্যবাহী এই উৎসবের ঘোষণা দেওয়া হয় ৭ মার্চ নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এক অনুষ্ঠানে।

আয়োজক সংগঠন এনআরবি ওয়ার্ল্ডওয়াইড-এর প্রতিষ্ঠাতা সভাপতি বিশ্বজিত সাহা জানান, গত তিন বছরের ধারাবাহিকতায় এবারও টাইমস স্কয়ারে নববর্ষ উদযাপনের আয়োজন করা হয়েছে। এর পরদিন ডাইভারসিটি প্লাজায় দিনব্যাপী বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হবে।

সংগঠনের সাধারণ সম্পাদক তোফাজ্জল লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কবি হোসাইন কবির বাঙালির অসাম্প্রদায়িক এই উৎসবের ইতিহাস ও সাংস্কৃতিক তাৎপর্য তুলে ধরেন। এছাড়া বক্তব্য দেন গণসংগীত পরিচালক মহিতোষ তালুকদার তাপস, নৃত্যপরিচালক চন্দ্রা ব্যানার্জী এবং ডাউনটাউন ম্যানহাটন বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি তারিকুল ইসলাম বাদল।

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ইতোমধ্যে সাংস্কৃতিক মহড়া শুরু হয়েছে। শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে অনুষ্ঠিত প্রথম মহড়ায় নিউইয়র্কের বিভিন্ন বরো থেকে সংগীতপ্রেমী শিল্পীরা অংশ নেন। গণসংগীত শিল্পী মহিতোষ তালুকদার তাপসের পরিচালনায় মহড়ায় সঙ্গীত পরিবেশন করা হয়। এতে তবলায় সুশীল সিনহা এবং মন্দিরায় শশধর হাওলাদার ও শহিদউদ্দীন সঙ্গত করেন।

বিশ্বজিত সাহা জানান, মূল অনুষ্ঠানের আগে আরও কয়েকটি মহড়া অনুষ্ঠিত হবে। তিনি বলেন, টাইমস স্কয়ারে পহেলা বৈশাখ উদযাপনের মাধ্যমে বাংলা সংস্কৃতি বিশ্বমঞ্চে নতুনভাবে পরিচিতি পাচ্ছে। এই উৎসবে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলা ভাষাভাষী মানুষের পাশাপাশি ভারত, নেপাল, থাইল্যান্ড ও লাওসসহ বিভিন্ন দেশের অভিবাসীরাও অংশ নেবেন বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

আয়োজকদের মতে, টাইমস স্কয়ারে বাংলা নববর্ষ উদযাপন প্রবাসী বাঙালিদের ঐক্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধনের এক অনন্য প্রতীক হয়ে উঠবে এবং বিশ্বমঞ্চে বাংলা সংস্কৃতির মর্যাদা আরও উজ্জ্বল করবে।