NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৪, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

কুইন্স কমিউনিটি বোর্ডে সদস্য হতে আবেদন


খবর   প্রকাশিত:  ১৯ জানুয়ারী, ২০২৬, ১০:০১ এএম

কুইন্স কমিউনিটি বোর্ডে সদস্য হতে আবেদন

হাকিকুল ইসলাম খোকন,

কুইন্সের স্থানীয় বাসিন্দাদের মধ্যে যারা নিজ নিজ এলাকার উন্নয়ন ও নাগরিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত হতে চান, তাদের জন্য কুইন্স কমিউনিটি বোর্ডের সদস্য হওয়ার আবেদন-প্রক্রিয়া শুরু হয়েছে। কুইন্স বরো প্রেসিডেন্ট ডোনোভান রিচার্ডস জুনিয়র আগ্রহী ও যোগ্য নাগরিকদের আবেদন করার আহ্বান জানিয়েছেন। আগামী ১৩ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।
বরো প্রেসিডেন্টের অফিস সূত্রে জানানো হয়, কমিউনিটি বোর্ডের সদস্যরা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী ভিত্তিতে দায়িত্ব পালন করেন এবং এ জন্য কোনো পারিশ্রমিক দেওয়া হয় না। তবে সমাজসেবামূলক কর্মকাণ্ড, কমিউনিটি সংগঠন বা স্থানীয় নাগরিক উদ্যোগে পূর্ব অভিজ্ঞতা থাকলে তা আবেদনকারীর জন্য অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
আবেদনপত্রে প্রার্থীদের ব্যাখ্যা করতে হবে, কেন তারা তাদের এলাকার কমিউনিটি বোর্ডের সদস্য হিসেবে উপযুক্ত। কর্তৃপক্ষ জানায়, এতে আবেদনকারীরা নিজেদের অভিজ্ঞতা, আগ্রহ ও দৃষ্টিভঙ্গি তুলে ধরার সুযোগ পান এবং নির্বাচন-প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত হয়।
নির্দেশনায় বলা হয়েছে, অনলাইন আবেদন ফর্মে তারকা (*) চিহ্নিত সব প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক। আবেদনকারীদের প্রবন্ধভিত্তিক উত্তর আগে আলাদা নথিতে প্রস্তুত করে পরে ফর্মে যুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো প্রশ্ন প্রযোজ্য না হলে নির্ধারিত স্থানে ‘প্রযোজ্য নয়’ লিখে উল্লেখ করতে হবে। পাশাপাশি ঠিকানার প্রমাণ হিসেবে ড্রাইভার্স লাইসেন্স, স্টেট আইডি, আইডিএনওয়াইসি বা সাম্প্রতিক কোনো ইউটিলিটি বিলের ছবি বা স্ক্যান আপলোড করতে হবে।
আবেদন জমা দেওয়ার সময় কোনো প্রযুক্তিগত সমস্যা বা প্রশ্ন থাকলে শেষ তারিখের আগে কমিউনিটি বোর্ডের পরিচালক মাইকেল কার্লিয়ারের সঙ্গে ই-মেইলে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
বরো প্রেসিডেন্টের অফিস আরও জানায়, আবেদনপত্রে প্রদত্ত কিছু তথ্য নিউইয়র্ক ফ্রিডম অব ইনফরমেশন ল’ অনুযায়ী জনসাধারণের কাছে প্রকাশযোগ্য হতে পারে। সম্পূর্ণ আবেদন সংশ্লিষ্ট নিউইয়র্ক সিটি কাউন্সিল সদস্যদের কাছে পাঠানো হবে, যারা নিজ নিজ এলাকায় কমিউনিটি বোর্ড সদস্য মনোনয়নের ক্ষেত্রে আবেদনগুলো বিবেচনা করবেন। নিযুক্ত হলে আবেদনকারীর নাম, ঠিকানা, ফোন নম্বর, ই-মেইল ঠিকানা এবং পেশাগত তথ্য সংশ্লিষ্ট বোর্ডের দপ্তরের সঙ্গে শেয়ার করা হতে পারে। কুইন্সে মোট ১৪টি কমিউনিটি বোর্ড রয়েছে। এসব বোর্ডের কাজের মধ্যে রয়েছে শহরের পরিষেবা কার্যক্রম তদারকি, ভূমি ব্যবহার ও জোনিং প্রস্তাবের ওপর সুপারিশ প্রদান এবং নগর প্রশাসন ও নাগরিকদের মধ্যে সমন্বয় সাধন করা।
এ বিষয়ে বরো প্রেসিডেন্ট ডোনোভান রিচার্ডস বলেন, ‘যারা তাদের কমিউনিটির উন্নয়নে সরাসরি ভূমিকা রাখতে চান, এই উদ্যোগ তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। আরও অন্তর্ভুক্তিমূলক ও প্রতিনিধিত্বশীল স্থানীয় সরকার গড়ে তুলতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।’
নতুন আবেদনকারী এবং অতিরিক্ত মেয়াদের জন্য আবেদন করতে ইচ্ছুক বর্তমান সদস্য উভয়ের জন্যই আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২৬।