NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৪, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

ফিফা দ্য বেস্টে বর্ষসেরা উসমান দেম্বেলে


খবর   প্রকাশিত:  ১৭ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ এএম

ফিফা দ্য বেস্টে বর্ষসেরা উসমান দেম্বেলে

২০২৫ সালের ফিফা দ্য বেস্ট মেনস প্লেয়ারে বর্ষসেরা নির্বাচিত হয়েছেন ফ্রান্সের তারকা ফুটবলার উসমান দেম্বেলে। মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত ফিফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই সম্মান জিতে তিনি চলতি বছরে নিজের সাফল্যের মুকুটে আরেকটি পালক যোগ করেন। এর আগে সেপ্টেম্বরে তিনি জিতেছিলেন ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর।

প্যারিস সেন্ট-জার্মেইনের (পিএসজি) হয়ে ঐতিহাসিক মৌসুম কাটানো দেম্বেলে ক্লাবটিকে তাদের ইতিহাসের প্রথম উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এই পুরস্কারের দৌড়ে তিনি পেছনে ফেলেন বার্সেলোনার বিস্ময় প্রতিভা লামিনে ইয়ামাল ও রিয়াল মাদ্রিদের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকে।

 

দেম্বেলে ও ইয়ামাল জায়গা পেয়েছেন দ্য বেস্ট ফিফা মেনস একাদশে, তবে চমক হিসেবে সেখানে নেই এমবাপ্পে। মিডফিল্ডে নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের কোল পামার ও জুড বেলিংহাম, সঙ্গে ছিলেন পিএসজির ভিতিনিয়া এবং বার্সেলোনার পেদ্রি। গোলরক্ষক হিসেবে সম্মাননা পেয়েছেন ইতালির জিয়ানলুইজি দোন্নারুম্মা, যিনি আগেই জিতেছেন দ্য বেস্ট ফিফা মেনস গোলকিপার পুরস্কার।

রক্ষণভাগে ছিলেন পিএসজির আশরাফ হাকিমি, উইলিয়ান পাচো, নুনো মেন্ডেস এবং লিভারপুল অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক।

 

নারী ফুটবলে টানা তৃতীয়বারের মতো দ্য বেস্ট ফিফা উইমেন্স প্লেয়ার নির্বাচিত হয়েছেন বার্সেলোনার মিডফিল্ডার আইতানা বোনমাতি। তিনি নিজের জাতীয় দলের সতীর্থ মারিওনা কালদেন্তেই ও আলেক্সিয়া পুতেলাসকে পেছনে ফেলেন। এই জয়ের মাধ্যমে ফিফা অ্যাওয়ার্ডে বার্সেলোনার ধারাবাহিক আধিপত্য আরও জোরালো হলো।

তিনজনই স্থান পেয়েছেন দ্য বেস্ট ফিফা উইমেন্স একাদশে।

 

কোচিং বিভাগে পুরস্কার জিতেছেন পিএসজি কোচ লুইস এনরিকে। স্প্যানিশ এই কোচ নির্বাচিত হয়েছেন দ্য বেস্ট ফিফা মেনস কোচ। আর নারী ফুটবলে দ্য বেস্ট ফিফা উইমেন্স কোচ নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের সফল কোচ সারিনা উইগম্যান।

এছাড়া ২০২৫ সালের পুসকাস অ্যাওয়ার্ড জিতেছেন আর্জেন্টিনার ক্লাব ইন্ডিপেন্ডিয়েন্তের সান্তিয়াগো মন্টিয়েল, বক্সের বাইরে থেকে নেওয়া দৃষ্টিনন্দন বাইসাইকেল কিক গোলের জন্য।