ভারতে একটি ডুপ্লেক্স পেন্টহাউসের দাম ২৭১ কোটি রুপি! অবিশ্বাস্য হলেও এটা সত্যি। সম্প্রতি শিল্পপতি মানব সারদানা দিল্লি-এনসিআরের গুরুগ্রামের একটি আল্ট্রা লাক্সারি আবাসিক প্রকল্পে ১৭ হাজার ২০০ বর্গফুটের বিলাসবহুল ডুপ্লেক্স পেন্টহাউসটি কেনেন।
ডিএলএপেফের ফ্ল্যাগশিপ সুপার-লাক্সারি প্রকল্পটি গুরুগ্রামের ৫৪ নাম্বার সেক্টরে গলফ কোর্স রোডের পাশে অবস্থিত। পেন্টহাউসটির সুপার এরিয়া প্রায় ১৭ হাজার ২০০ বর্গফুট এবং কার্পেট এরিয়া প্রায় ১০ হাজার ৫০০ বর্গফুট।
২৭১ কোটি রুপিতে পেন্টহাউস কিনে আলোচনায় এলেও মানব সারদানা একজন পরিচিত উদ্যোক্তা এবং দিল্লির ঐতিহ্যবাহী সারদানা পরিবারের সদস্য।
২০২৪ সালের অক্টোবরে গুরুগ্রামের ডিএলএফ ফেজ ৫-এর আওতায় ১৭ একর জায়গার ওপর একটি সুপার-লাক্সারি আবাসন প্রকল্প হিসেবে ‘দ্য ডালিয়াস’ শুরু করে। বর্তমানে এটির নির্মাণকাজ চলছে।
ভারতের বিলাসবহুল আবাসনের মানচিত্রে গুরুগ্রামকে তুলে ধরার ক্ষেত্রে ‘দ্য ডালিয়াস’-ই ডিএলএফের প্রথম আল্ট্রা-লাক্সারি প্রকল্প নয়। এর আগের প্রকল্প ‘দ্য ক্যামেলিয়াস’ গলফ কোর্স রোড এলাকাটিকে দেশের অন্যতম একচেটিয়া বা অভিজাত আবাসিক এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছিল। করোনা মহামারির পরবর্তী সময়ে ভারতের প্রধান প্রধান আবাসন বাজারগুলোতে বিলাসবহুল বাড়ির ব্যাপক চাহিদা দেখা দিয়েছে। বিশেষ করে গুরুগ্রাম এবং মুম্বাইতে বেশ কিছু উচ্চ-মূল্যের অ্যাপার্টমেন্ট এবং পেন্টহাউস লেনদেন হয়েছে। কারণ ধনী ক্রেতারা এখন দিন দিন আরও বড় এবং অনন্য বাড়ির খোঁজ করছেন। ভারতের অন্যতম বৃহত্তম আবাসন প্রতিষ্ঠান ডিএলএফ এ পর্যন্ত ১৮৫টিরও বেশি প্রকল্প তৈরি করেছে।
ডিএলএফের ফ্ল্যাগশিপ প্রকল্প ‘দ্য ডালিয়াস’-এর পেন্টহাউসগুলোতে সাধারণ বিলাসবহুল ফ্ল্যাটের চেয়ে অনেক বেশি প্রিমিয়াম ও অত্যাধুনিক সুযোগ-সুবিধা রাখা হয়েছে। ‘দ্য ডালিয়াস’-এ ১৭ একর জায়গায় ২৯ তলা বিশিষ্ট টাওয়ার থাকছে। প্রতিটি টাওয়ারের ২৮ ও ২৯ তলা নিয়ে মোট ১৫টি পেন্টহাউস বানানো হচ্ছ। পেন্টহাউসগুলো মূলত বিলাসবহুল ডুপ্লেক্স ফরম্যাটে তৈরি। সাধারণ ফ্ল্যাটের তুলনায় এগুলোর ছাদের উচ্চতা অনেক বেশি (প্রায় ১৩ ফুট), যা ঘরের ভেতর একটি রাজকীয় ও খোলামেলা পরিবেশ তৈরি করে।
প্রকল্পের বাসিন্দাদের জন্য প্রায় সাড়ে ৩ লাখ বর্গফুটের একটি বিশাল ক্লাবহাউস থাকরছ; যেখানে ফাইন ডাইনিং রেস্তোরাঁ, রুফটপ বার, স্কাই লাউঞ্জ এবং ক্যাফে সুবিধা অন্তর্ভুক্ত। পেন্টহাউসগুলো থেকে আরাবল্লী পাহাড় এবং সংলগ্ন গলফ কোর্সের চমৎকার প্যানোরমিক ভিউ দেখা যাবে। এছাড়া পুরো আবাসনটি বিশাল কৃত্রিম হ্রদ ও সবুজ ল্যান্ডস্কেপ দিয়ে ঘেরা। সর্বোচ্চ প্রাইভেসি নিশ্চিত করতে প্রতিটি পেন্টহাউসের সাথে রয়েছে প্রাইভেট লিফটের লবি। এছাড়া রয়েছে নিজস্ব ইনফিনিটি পুল ও বিশাল খোলা টেরেস। পেন্টহাউসগুলোতে অত্যাধুনিক স্মার্ট হোম টেকনোলজি ব্যবহার করা হয়েছে।
এ ছাড়া বিনোদনের জন্য রয়েছে প্রাইভেট সিনেমা থিয়েটার ও মিউজিক পড। আবাসনটিতে সম্পূর্ণ গোপনীয়তা ও সুরক্ষার জন্য পাঁচ স্তরের নিরাপত্তা এবং সার্বক্ষণিক সিসিটিভি নজরদারি রয়েছে। এছাড়া অত্যাধুনিক আন্তর্জাতিক মানের জিমনেশিয়াম, লাক্সারি স্পা, সাউনা, যোগব্যায়াম ডেক এবং জগিং ট্র্যাকের সুবিধা রয়েছে ‘দ্য ডালিয়াস’-এ।


