গত কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় খাগড়াছড়ির দীঘিনালা বিদ্যুৎ উপকেন্দ্রে পানি উঠেছে। সেজন্য নিরাপত্তার কথা বিবেচনায় রেখে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ উপকেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

 

এতে খাগড়াছড়ির দীঘিনালা পুরো উপজেলাসহ রাঙামাটির লংগদু উপজেলা এবং সাজেক পর্যটন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। যার কারণে আকস্মিক ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার গ্রাহক।

বুধবার (৮ জুলাই) বিকেল ৩টা থেকে দীঘিনালা উপকেন্দ্র বন্ধ করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়।

দীঘিনালা উপজেলা বিদ্যুৎ উপকেন্দ্রের উপসহকারী প্রকৌশলী মো. এরশাদ আলী জানান,​ বন্যার পানিতে উপকেন্দ্র তলিয়ে গিয়েছে।

নিরাপত্তার কথা মাথায় রেখে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে কেন্দ্রটি সাময়িক বন্ধ রাখা হয়েছে। বন্যার পানি নেমে গেলে পরিস্থিতি পর্যবেক্ষণ করে আবারও বিদ্যুৎ চালু করা হবে।