নিউইয়র্ক প্রতিনিধি: নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ, সদা হাস্যমুখ কাজী আজিজুল হক খোকন আর নেই। আকস্মিকভাবে তার মৃত্যুতে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান জানান, বাসার কাছের একটি সড়কে পড়ে ছিলেন কাজী আজিজুল হক খোকন। খবর পেয়ে নিউইয়র্ক সিটি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
তার মরদেহ বর্তমানে ৫৯৯ উইনথ্রপ স্ট্রিট, ব্রুকলিন, নিউইয়র্কে রাখা হয়েছে বলে জানানো হয়েছে।

আজিজুল হক খোকনের আকস্মিক মৃত্যুর সংবাদে স্বজন, বন্ধু ও পরিচিতজনদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে তিনি একজন আন্তরিক, হাস্যোজ্জ্বল ও পরিচিত মুখ হিসেবে সবার কাছে সমাদৃত ছিলেন। তার আকস্মিক চলে যাওয়ায় অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন এবং তার সঙ্গে কাটানো বিভিন্ন স্মৃতি স্মরণ করছেন।

এক শোকবার্তায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, সর্বশক্তিমান আল্লাহ যেন প্রিয় খোকনকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন।

কাজী আজিজুল হক খোকনের মৃত্যুতে নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশি সমাজ হারাল তাদের পরিচিত এক হাস্যময় মুখ ও আপনজন। তার আকস্মিক প্রয়াণে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কমিউনিটির বিভিন্ন ব্যক্তি।