ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:০৯ পিএম


ভার্জিনিয়া: চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তুলে ধরার উদ্যোগ এবং সফল আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মী, স্পনসর ও শুভাকাঙ্ক্ষীদের সম্মানে ভার্জিনিয়ার উডব্রিজে অ্যাপ্রিসিয়েশন পার্টির আয়োজন করেছে বাংলাদেশি আমেরিকান আইটি পিপলস অর্গানাইজেশন (বাইটপো)।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়াশিংটন ইউনিভার্সিটির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিফ। বাইটপোর নেতৃবৃন্দ ও সদস্যদের পাশাপাশি মেজবান কমিটির সদস্য, স্পনসর এবং শুভাকাঙ্ক্ষীরা এতে অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আবুবকর হানিফ সফলভাবে মেজবান আয়োজনের জন্য বাইটপোর সদস্যদের ধন্যবাদ জানান। ভবিষ্যতে আরও সুন্দর ও বৃহৎ পরিসরে মেজবান আয়োজনের ক্ষেত্রে সংগঠনটিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
বাইটপোর পক্ষ থেকে ড. ফয়জুল ইসলাম বলেন, গত ২৩ আগস্ট ডিএমভি এলাকায় স্মরণকালের অন্যতম বৃহৎ মেজবান অনুষ্ঠিত হয়েছে। এতে কিংবদন্তি সংগীতশিল্পী নকীব খান সংগীত পরিবেশন করেন। তিনি মেজবান আয়োজনের বিভিন্ন দিক ও সাফল্যের কথাও তুলে ধরেন। ড. ফয়জুল ইসলাম বলেন, বড় ধরনের একটি অনুষ্ঠান আয়োজন করতে গেলে নানা সমস্যা ও সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়। এসব প্রতিবন্ধকতা অতিক্রম করে যারা একটি আয়োজন সফল করেন, তাদের পরিশ্রম ও ইতিবাচক দিকগুলো তুলে ধরা প্রয়োজন। এতে আয়োজকেরা ভবিষ্যতে আরও ভালো অনুষ্ঠান আয়োজন করতে উৎসাহিত হবেন।
বাইটপোর সভাপতি সামছুদ্দীন মাহমুদ মেজবান সফল করতে সহযোগিতার জন্য সকল ডোনার, স্পনসর, শুভাকাঙ্ক্ষী, মেজবান কমিটির সদস্য, বাইটপোর নেতৃবৃন্দ ও সদস্য এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, প্রত্যাশার চেয়ে বেশি লোকসমাগম এবং নিবন্ধন ছাড়াই বিপুলসংখ্যক অতিথির উপস্থিতির কারণে খাবার ব্যবস্থাপনায় কিছুটা সমস্যা সৃষ্টি হয়। নির্ধারিত সময়ের পরও কিছু অতিথি খাবার না পাওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন।
আগামী মেজবান আরও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে বেশ কিছু নতুন পরিকল্পনার কথাও জানান বাইটপোর সভাপতি। তিনি বলেন, ভবিষ্যতে মেজবানে অংশগ্রহণের জন্য নিবন্ধন বাধ্যতামূলক করা হবে। এ বছর যারা নিবন্ধন করেছেন, তাদের আগামী বছরের আয়োজনে বিনামূল্যে নিবন্ধনের সুযোগ দেওয়া হবে। খাবার বিতরণ আরও দ্রুত ও সুশৃঙ্খল করতে চারটি পৃথক লাইন চালুর পাশাপাশি খাবার পরিবহনের সক্ষমতা তিন গুণ বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি। ভেন্যু প্রাপ্যতা সাপেক্ষে আগামী আগস্টে ‘মেজবান ২০২৭’ আয়োজনের ঘোষণাও দেন সামছুদ্দীন মাহমুদ।
অনুষ্ঠানে মেজবান আয়োজনের আয়-ব্যয়ের হিসাবও উপস্থিত সবার সামনে তুলে ধরেন বাইটপোর সভাপতি। আগামী মেজবানে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে সামছুদ্দীন মাহমুদ বলেন, পরবর্তী আয়োজনের প্রস্তুতি এমনভাবে নেওয়া হবে, যাতে কোনো অতিথিকে খাবার না খেয়ে ফিরে যেতে না হয়। অনুষ্ঠানে বাইটপোর সহসভাপতি সাইফুল্লাহ খালেদ, ইভেন্ট কো-অর্ডিনেটর স্যাম রিয়াসহ সংগঠনের আরও কয়েকজন বক্তব্য রাখেন।
আলোচনা ও স্মৃতিচারণের পাশাপাশি অ্যাপ্রিসিয়েশন পার্টিতে ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি খাবারের আয়োজন। মেজবানি স্টাইলে গরুর মাংসসহ বিভিন্ন পদ রান্নার দায়িত্বে ছিলেন হাসান ও স্যাম রিয়া। বারবিকিউ প্রস্তুতের দায়িত্ব পালন করেন মোহাম্মদ কোরেশী। আড্ডা, স্মৃতিচারণ ও মেজবানি খাবারের মধ্য দিয়ে বাইটপোর সদস্য, স্পনসর, শুভাকাঙ্ক্ষী এবং মেজবান আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টদের এই মিলনমেলা শেষ হয়।
প্রবাস রিলেটেড নিউজ
১ নভেম্বর লন্ডনে অনুষ্ঠিত হবে চট্টগ্রাম উৎসব ২০২৬
আটলান্টিক সিটিতে ২৯ সেপ্টেম্বর বিএএসজের মেজবান
জ্যাকসন হাইটসে আজ আওয়ামী লীগের মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ
জার্সি সিটির কোরাই কিচেন: ঘরোয়া বাংলাদেশি স্বাদের জাতীয় স্বীকৃতি
যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় ২৭ বাংলাদেশি গ্র্যাজুয়েটকে বিএসিএফের সম্মাননা
আটলান্টিক সিটিতে কমিউনিটি সংগঠনগুলোর মাঝে মেয়রের অনুদান বিতরণ
আটলান্টিক সিটিতে কমিউনিটি সংগঠনগুলোর মাঝে মেয়রের অনুদান বিতরণ
আটলান্টিক সিটিতে ন্যাশনাল ভোটার রেজিস্ট্রেশন ডে পালিত

