৯ আগস্ট রবিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হবে দক্ষিণ এশীয় মিলনমেলা ‘সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড’। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মালদ্বীপ-এই সাত দেশের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য এবং ঐক্যের অনন্য বার্তা নিয়ে এই প্যারেডের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘এক অঞ্চল : এক সংস্কৃতি : এক ভবিষ্যৎ’ (Together We Can Make a Difference)।
দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে এক নতুন মেলবন্ধন ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার লক্ষ্যে এই প্যারেডের মূল প্রতিপাদ্যকে ধারণ করে থিম সং লিখেছেন দেশের খ্যাতিমান শিশুসাহিত্যিক ও কবি হুমায়ুন কবীর ঢালী। গানটির মর্মস্পর্শী মুখবন্ধ হলো: “জ্যাকসন হাইটসের রাজপথে আজ রঙের মশাল জ্বলে, / সাতটি দেশের হৃদয় নাচে প্রেমের কথা বলে। / নিউইয়র্কের আকাশ জুড়ে রংধনুর রঙ ছড়ায়, / দক্ষিণ এশিয়ার ভাই-বোনেরা ঐক্যে মিশে যায়।” এদিন সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত এই প্যারেড জ্যাকসন হাইটসের ৬৯ স্ট্রিট থেকে ৩৭ এভিনিউ হয়ে ৮৭ স্ট্রিট পর্যন্ত প্রদক্ষিণ করবে বলে জানিয়েছেন আয়োজকরা।


