নিউইয়র্কে ভিন্ন আমেজে অনুষ্ঠিত হয়ে গেলো যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালীদের অন্যতম আঞ্চলিক সংগঠন সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউএসএ’র বার্ষিক বনভোজন। নিউইয়র্ক সিটির অদূরে সবুজ অরণ্য বেলমন্ট লেক স্টেট পার্কে গত ২৮ জুন রোববার অনুষ্ঠিত বরিশাল বিভাগবাসীদের এ জমজমাট বনভোজে ছিল বর্নাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা ও ক্রীড়া প্রতিযোগিতা। বরিশাল প্রবাসীরা সপরিবারে অংশ নিয়ে বনভোজনকে পরিণত করেছিলেন তাদের মিলনমেলায়। পুরো দিন ভিন্ন এক উৎসবে মেতে ছিলেন তারা। আর চমৎকার আবহাওয়ায় অনুষ্ঠিত এ আয়োজনকে প্রাণবন্ত করে রাখে আকর্ষণীয় খেলাধূলা ও র‌্যাফেল ড্র।
নিউইয়র্কের বিভিন্ন স্থান থেকে এদিন সকাল ১০টায় বিপুল সংখ্যক বরিশাল বিভাগবাসী এবং অতিথিবৃন্দ পিকনিক স্পটে উপস্থিত হন। সকালে সংগঠনের কর্মকর্তা ও কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বনভোজনের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর পরই অতিথিদের এপিটাইজার পরিবেশন করা হয়। এরপর শুরু হয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। দিনব্যাপি বনভোজনে মজাদার সব খাবার, বিভিন্ন খেলা-ধূলা ছাড়াও বিশেষ আর্কষণ ছিল র‌্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কায়কোবাদ খান এবং যৌথভাবে পরিচালনা করেন সাধারণ সম্পাদক লস্কর মইজুর রহমান জুয়েল ও বনভোজন কমিটির আহ্বায়ক মো. শাহ আলম। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. রুমানা সবুর।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন ডা. আব্দুস সবুর, ড. প্রদীপ রঞ্জন কর, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি- কামরুজ্জামান কামরুল, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, বীর মুক্তিযোদ্ধা শওকাত আকবর রিচি, জসীম চৌধুরী, রাব্বী সৈয়দ, আলামিন বাবু, বনভোজন ২০২৬ উযাপন কমিটির সদস্য সচিব আবু বকর সিদ্দিকী টিপু, প্রধান সমন্বয়কারী এমএ সালাম আকন্দ, অর্থ সচিব সালেহ উদ্দিন সোহেল সহ সংগঠনের সাবেক ও বর্তমান কর্মকর্তারা।
বনভোজনে বিভিন্ন খেলা-ধূলা পরিচালনা ও আপ্যায়নে ছিলেন কাজী রবিউজ্জামান, মঞ্জুর হাসান বিপ্লব, সোহরাব হোসেন সরদার সহ সংগঠনের কর্মকর্তারা।
চমৎকার এ আয়োজনে নিউইয়র্কের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ড. সবিতা দাস, রুনা রায়, ফরিদ রহমান সহ অন্যান্যরা সঙ্গীত পরিবেশন করেন। বিপুল সংখ্যক দর্শক-শ্রোতা এ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।


শেষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে প্রবাসী বরিশাল বিভাগবাসীর এই মিলনমেলা শেষ হয়।
অনুষ্ঠানে সভাপতির ভাষণে কায়কোবাদ খান সংগঠনের কার্যক্রমকে আরো গণমুখি করতে সকলের সহযোগিতা কামনা করেন। সংগঠনকে ঐক্যবদ্ধ রাখতে সকলের আন্তরিক সহযোগিতা চান। বনভোজনে যোগদানের জন্য তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রধান অতিথি ডা. রুমানা সবুর বলেন, এধরনের নির্মল আনন্দ-অনুষ্ঠানের মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। মাতৃভূমিকে ভালোবাসতে শিখবে।
বক্তারা সংগঠনের কর্মকর্তাসহ আহ্বায়ক কমিটিকে ধন্যবাদ জানান এমন আনন্দঘন চমৎকার একটি বনভোজন উপহার দেয়ার জন্য।
অনুষ্ঠানটির বিশেষ বিশেষ অংশ ‘ইউএসএনিউজঅনলাইন.কম’, ‘নিউজ২৪ইউএসএ.কম’ এবং ‘আমেরিকাবাংলানিউজ২৪’ এর ফেইসবুক পেইজে সরাসরি সম্প্রচারিত হয়।