নিউ ইয়র্ক: বাংলাদেশের মুক্তিযুদ্ধের অসম সাহসী যোদ্ধা ও সংগঠক আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ স্মরণে ৩ জুন বুধবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে একটি শোক-সভা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এ সমাবেশে নিউইয়র্ক স্টেট, মহানগর আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ছাড়াও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রবাসীরা অংশ নেন।

হাফেজ মাওলানা মইনুদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত দোয়া-মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার আত্মার মাগফেরাতও কামনা করা হয়। এরপর অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মাসুদুল হাসান। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি নজরুল ইসলাম বাবুল। নেতৃবৃন্দের মধ্যে ছিলেন নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান মিয়া, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান এবং সেক্রেটারি ইমদাদ চৌধুরী, কেন্দ্রীয় নেতা ফজলুল হক টিপু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা সোলায়মান আলী, বীর মুক্তিযোদ্ধা শরাফ সরকার, সাখাওয়াত হোসেন চঞ্চল, দরুদ মিয়া রনেল, শরিফ কামরুল হীরা, অধ্যাপক হোসনেআরা, নাজিমউদ্দিন, সিনিয়র সাংবাদিক সাজ্জাদ হোসেন সবুজ, সাংবাদিক এম ফজলুর রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি মোর্শেদা জামান, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মমতাজ শাহানা, যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি সেবুল মিয়া, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এইচ এম ইকবাল এবং সেক্রেটারি মো. কিবরিয়া প্রমুখ।

বক্তারা বর্ষিয়ান জননেতা এবং ৯ বারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের কফিন জাতীয় সংসদ ভবনের সামনে এবং কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাবার অনুমতি না দেয়ায় ক্ষমতাসীন সরকারকে একাত্তরের পরাজিত রাজাকারের সমতুল্য হিসেবে অভিহিত করেন বক্তারা। বলেন, এর দায় এড়াতে পারবেন না সাজানো নির্বাচনে ক্ষমতাসীন তারেক রহমানেরা। এহেন হিংস্রতার দাঁতভাঙ্গা জবাবদানের জন্যে যতদ্রুত সম্ভব শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন। এজন্যে সকলকে ঐক্যবদ্ধ হবার আহবান জানানো হয়।

এদিকে, তোফায়েল আহমেদের আত্মার মাগফেরাত কামনায় জর্জিয়া স্টেটের আটলান্টায় ৬ জুন সন্ধ্যায় ‘জননেত্রী শেখ হাসিনা পরিষদ’র উদ্যোগে একটি দোয়া-মাহফিল অনুষ্ঠিত হবে। সংগঠনের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউসুফ আলী পিন্টু এ মাহফিলে আটলান্টাস্থ সকল বাঙালির উপস্থিতি কামনা করেছেন।