নিউইয়র্কের ব্রঙ্কস এলাকায় নাচ-গান ও নানা আয়োজনের মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করেছে এবিএম মাল্টিমিডিয়া। প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
শনিবার (২৮ মার্চ) স্টারলিং বাংলাবাজারে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা। এবিএম মাল্টিমিডিয়ার নির্বাহী জামাল আহমেদ মাসুদের সভাপতিত্বে এবং রেজা আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে উদ্বোধন করেন ব্যবসায়ী মোহাম্মদ খালেক ও রিয়েল এস্টেট ব্যবসায়ী সালেহ উদ্দিন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন আব্দুল মুহিত, জহিরুল ইসলাম, সাদিকুর রহমান, গোলাম রব্বানী, আজাদ খান, কলি চৌধুরী, সালমা জাহান, শেখ শফিকুর রহমান, কবি আবু তাহের চৌধুরী, মনির উদ্দিন ও রেজাউল করিম। এ ছাড়া সিপিএ জাকির হোসেন চৌধুরীসহ কমিউনিটির বিভিন্ন ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে কৌতুক পরিবেশন করেন জহিরুল ইসলাম দম্পতি। দর্শকদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে প্রথম হন রওশন আরা কাজল, দ্বিতীয় শেখ শফিকুর রহমান এবং তৃতীয় আরিফ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অবদানের জন্য সালেহ উদ্দিনকে সম্মাননা প্রদান করা হয়।
সাংস্কৃতিক পর্ব ছিল অনুষ্ঠানের প্রধান আকর্ষণ। এতে সংগীত পরিবেশন করেন সালমা জাহান, রওশন আরা কাজল, রুমা, মেহজাবীন মেহা, আসাদ ও নাসির। দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বিন্দু কনা উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি অংশ নিতে পারেননি, যা দর্শকদের কিছুটা হতাশ করে।
সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলে গান-বাজনা। ঢোলবাদক সফিকের তালে তালে দর্শকেরা নেচে-গেয়ে আনন্দ উপভোগ করেন। প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানের শেষে এবিএম মাল্টিমিডিয়ার সিইও জামাল আহমেদ মাসুদ স্পন্সর ও উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।


