BAPA News প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬, ০৮:১১ পিএম

বাপা নিউজঃ যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামাস-নিযুক্ত শিক্ষা মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ও তাঁর স্ত্রী রয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে গাজা সিটি ও মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহ এলাকায় এসব হামলা চালানো হয় বলে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।
দেইর আল-বালাহ শহরের একটি আবাসিক ভবনের অ্যাপার্টমেন্টে চালানো হামলায় গাজার উপশিক্ষামন্ত্রী খালেদ আবু নাদা ও তাঁর স্ত্রী নিহত হন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে আবু নাদার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁদের দাবি, আবু নাদা হামাসের অর্থনৈতিক ও শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন।
এদিকে গাজা সিটির দুটি পৃথক স্থানে আরও দুটি হামলায় তিনজন করে নিহত হয়েছেন বলে শিফা হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, এর মধ্যে একটি হামলার লক্ষ্য ছিল তিনজন সশস্ত্র ব্যক্তি। তবে অন্য হামলাগুলোর বিষয়ে বিস্তারিত জানায়নি তারা।
হতাহতের সংখ্যা নিয়ে বিভিন্ন প্রতিবেদনে কিছুটা পার্থক্য রয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেস অন্তত আটজন নিহত হওয়ার খবর দিয়েছে। অন্যদিকে রয়টার্স চিকিৎসা সূত্রের বরাতে অন্তত নয়জন নিহত হওয়ার কথা জানিয়েছে। রয়টার্সের হিসাবে, নিহতদের মধ্যে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারানো একজন ব্যক্তিও রয়েছেন। ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি বিমান হামলা ও গুলিবর্ষণের ঘটনা অব্যাহত রয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাবে, যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় ১ হাজার ৬০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সর্বশেষ হামলার ঘটনায় গাজায় যুদ্ধবিরতির স্থায়িত্ব এবং দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ২০২৩ সালের অক্টোবরে হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলার পর গাজায় যুদ্ধ ভয়াবহ রূপ নেয়। দীর্ঘ সংঘাতে উপত্যকাটির বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সৃষ্টি হয়েছে ব্যাপক মানবিক সংকট। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, তাদের সামরিক অভিযান হামাস ও সংগঠনটির সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে।