NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, নভেম্বর ১৫, ২০২৬ | ১ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রী পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন ডিসেম্বরে আইসিসির কঠোর সমালোচনা করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও ইতালির আল্পসে কেএফসি, ঐতিহ্য নষ্টের আশঙ্কায় স্থানীয়দের আপত্তি রোনালদোকে শ্রদ্ধা জানাতে পর্তুগালের যত বিশেষ আয়োজন জমা পড়েছে আবেদন, বাংলাদেশে মুক্তির অপেক্ষায় শাহরুখের ‘কিং’ ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ৩ ঘোড়ারেসের মাঠে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন উদীয়মান জকি ইজি নিল
Logo
logo

পাকিস্তানশাসিত কাশ্মীরের আস্থা যেভাবে কেড়ে নিল ইসলামাবাদ


খবর   প্রকাশিত:  ১৪ নভেম্বর, ২০২৬, ১০:১১ এএম

পাকিস্তানশাসিত কাশ্মীরের আস্থা যেভাবে কেড়ে নিল ইসলামাবাদ

পাকিস্তানশাসিত কাশ্মীরে (পিওকে) সরকারবিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগ পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলেছে। চলতি মাসের শুরুতে রাওয়ালাকোটে বিক্ষোভকারীদের ওপর ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রের দাবি।

তবে বেসরকারি হিসাবে নিহতের সংখ্যা পাঁচ এবং আহত ১৮ জন। দীর্ঘদিনের আন্দোলন নিরসনে দুই পক্ষের মধ্যে সমঝোতার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। উল্টো গত ৫ নভেম্বরের এ ঘটনায় পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে ক্ষোভ আরও বেড়েছে।

 

ভারতীয় সংবাদমাধ্যম ও বিশ্লেষকদের আলোচনায় উঠে এসেছে, অভিযোগ সত্য হলে পাকিস্তানশাসিত কাশ্মীরে এই প্রথম বিক্ষোভকারীদের বিরুদ্ধে ড্রোন ব্যবহার করা হলো।

এর আগে পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানে যুক্তরাষ্ট্র ড্রোন ব্যবহার শুরু করেছিল। পরে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং বেলুচিস্তানের বিদ্রোহ দমনে ড্রোন ব্যবহার করে।

 

নিউজলন্ড্রির খবরে বলা হয়েছে, গত ছয় মাসে পাকিস্তানশাসিত কাশ্মীরের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের অবনতি হয়েছে। ২০২২ সাল থেকেই অঞ্চলটিতে অসন্তোষ চলছিল।

তবে চলতি বছরের জুন থেকে নিরাপত্তা বাহিনীর গুলিতে হতাহতের ঘটনা আন্দোলনকে আরো বিস্তৃত করেছে।

 

রাওয়ালাকোট থেকে তা ছড়িয়ে পড়েছে অঞ্চলটির ১০টি জেলায়। গণমাধ্যমের ওপর কঠোর বিধিনিষেধ থাকায় হতাহতের প্রকৃত সংখ্যা জানা কঠিন। তবে গত সেপ্টেম্বরে জাতিসংঘের ছয়জন বিশেষ প্রতিবেদকের পাকিস্তান সরকারকে পাঠানো এক চিঠিতে ৯৬ জন নিহত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

গত ৮ নভেম্বর জম্মু-কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি (জেকেজেএএসি) রাওয়ালাকোট, মুজাফফরাবাদ, মিরপুর ও কোটলিসহ বিভিন্ন এলাকায় ধর্মঘটের ডাক দেয়।

একই সঙ্গে বিক্ষোভকারীদের ওপর গুলি বন্ধ এবং ২৪ ঘণ্টার মধ্যে আলোচনায় বসার আহ্বান জানায় সংগঠনটি। তবে সরকার সেই আহ্বানে সাড়া দেয়নি। এর আগে ২০২৫ সালের অক্টোবর এবং ২০২৬ সালের মে মাসে কয়েক দফা আলোচনা হলেও মূল দাবিতে সমঝোতা হয়নি।

 

আন্দোলনের অন্যতম প্রধান দাবি পাকিস্তানের বিভিন্ন প্রদেশে অবস্থিত ১২টি ‘শরণার্থী আসন’ বিলুপ্ত করা। ১৯৪৭ সালে জম্মু-কাশ্মীর থেকে পাকিস্তানে যাওয়া শরণার্থীদের জন্য এসব আসন নির্ধারিত হয়েছিল। প্রতিটি আসনে প্রায় ৪০ হাজার ভোটার থাকলেও নির্বাচিত প্রতিনিধিদের অনেকেরই পাকিস্তানশাসিত কাশ্মীরের সঙ্গে সরাসরি সম্পর্ক নেই। অথচ অঞ্চলটির প্রায় ৪৫ লাখ মানুষের জীবনযাত্রা ও প্রশাসনিক সিদ্ধান্তে তাঁদের প্রভাব রয়েছে। স্থানীয়দের অভিযোগ, এসব প্রতিনিধি পাকিস্তানের কেন্দ্রীয় সরকার, সেনাবাহিনী কিংবা গোয়েন্দা সংস্থার স্বার্থ রক্ষা করেন।

২০২৬ সালের নির্বাচনও বিতর্কের জন্ম দিয়েছে। বিক্ষোভ ও নিরাপত্তা বাহিনীর উপস্থিতির মধ্যে তিন ধাপে ভোট হয়। সাতটি আসনে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে। নির্বাচনে প্রত্যাখ্যাত হওয়া ইফতিখার জিলানিকে মনোনীত সদস্য হিসেবে আইনসভায় আনার পর পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ তাঁকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে। এতে নির্বাচনী সংস্কারের দাবিতে ক্ষোভ আরও বেড়েছে।

এদিকে ২০২২ সালে গমের আটা এবং ২০২৩ সালে বিদ্যুতের ওপর ভর্তুকি প্রত্যাহারও স্থানীয়দের অসন্তোষ বাড়িয়েছে। তাদের আশঙ্কা, পাকিস্তানশাসিত কাশ্মীরের স্বতন্ত্র প্রশাসনিক ও রাজনৈতিক পরিচয় ক্রমে বিলীন করে অঞ্চলটিকে পাকিস্তানের সঙ্গে একীভূত করার চেষ্টা চলছে। সব মিলিয়ে নিরাপত্তা বাহিনীর দমন-পীড়ন, রাজনৈতিক প্রতিনিধিত্বের সংকট ও অর্থনৈতিক অসন্তোষ পাকিস্তান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।