পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাসায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন টেলিভিশন সাংবাদিক ও উপস্থাপক রাবিয়া আহসান। এ ঘটনায় তার স্বামীকে আটক করেছে পুলিশ।
খবর প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬, ১১:১১ এএম

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাসায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন টেলিভিশন সাংবাদিক ও উপস্থাপক রাবিয়া আহসান। এ ঘটনায় তার স্বামীকে আটক করেছে পুলিশ।
রবিবার (৮ নভেম্বর) রাওয়ালপিন্ডির আদিয়ালা রোডের গুলশানাবাদ এলাকায় নিজ বাসায় এ ঘটনা ঘটে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন ও আরব নিউজের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
রাওয়ালপিন্ডির সিটি পুলিশ কর্মকর্তা (সিপিও) হাসান মুশতাক সুকেরা জানান, বাসার একটি শয়নকক্ষ থেকে রাবিয়ার মরদেহ উদ্ধার করা হয়। তার ঘাড়ের নিচের সামনের অংশে গুলির ক্ষত ছিল। এ ঘটনায় তার স্বামীকে আটক করা হয়েছে এবং ঘর থেকে একটি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, বাড়ির এক পুরুষ গৃহকর্মী তাদের জানিয়েছেন, রাবিয়ার স্বামী দাবি করেছেন, আগ্নেয়াস্ত্র থেকে অসাবধানতাবশত গুলি ছুটে এ ঘটনা ঘটেছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে চায় না পুলিশ।
রাবিয়া আহসান পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল ৯২ নিউজের উপস্থাপক ছিলেন। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তার স্বামী আহসান দেশটির সরকারি প্রতিষ্ঠান ওভারসিজ পাকিস্তানিজ ফাউন্ডেশনের ১৮তম গ্রেডের কর্মকর্তা। তাদের দুই মেয়ে রয়েছে। ঘটনার সময় বাড়িতে রাবিয়ার শাশুড়ি ও ননদেরাও ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।