যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবের ছুটির দিনগুলোতে দেশটির একাধিক শহরের বিনোদনকেন্দ্র ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় ধারাবাহিক বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এসব সহিংসতায় ছয়জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বহু মানুষ।
খবর প্রকাশিত: ০২ নভেম্বর, ২০২৬, ১১:১১ এএম

যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবের ছুটির দিনগুলোতে দেশটির একাধিক শহরের বিনোদনকেন্দ্র ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় ধারাবাহিক বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এসব সহিংসতায় ছয়জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বহু মানুষ।
গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, টেক্সাসের ডালাস শহরের ডিপ এলাম এলাকায় কয়েকটি পৃথক গোলাগুলির ঘটনায় চারজন নিহত ও ১৫ জন আহত হন। পুলিশ জানায়, ওই এলাকায় এক ঘণ্টা ১৫ মিনিটের ব্যবধানে ঘটনাগুলো ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আলাবামার বার্মিংহামে ঐতিহ্যবাহী ‘ম্যাজিক সিটি ক্লাসিক’ ফুটবল ম্যাচ শেষে স্টেডিয়ামের বাইরে গোলাগুলিতে একজন নিহত ও আটজন আহত হন।
ইলিনয়ের ব্লুমিংটনে বন্দুক হামলায় ১৯ বছর বয়সী এক তরুণী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আরকানসাসের ফেয়েটভিলে ভোরে আরো ছয়জন গুলিবিদ্ধ হন।
এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) ক্যালিফোর্নিয়া ও মিশিগানের ‘স্পিরিট হ্যালোইন’ স্টোরে পৃথক দুটি হামলার ঘটনা ঘটে। এর মধ্যে ক্যালিফোর্নিয়ার ফেয়ারফিল্ডে এক গর্ভবতী নারী নিহত হন এবং মিশিগানে নিহত হন ২১ বছর বয়সী এক তরুণ। সবগুলো ঘটনার তদন্ত চলমান বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।