NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬ | ২০ আশ্বিন ১৪৩৩
Logo
logo

নিউইয়র্কে ২৫তম ‘ঢালিউড অ্যাওয়ার্ডস’ ১০ অক্টোবর


খবর   প্রকাশিত:  ০৫ অক্টোবর, ২০২৬, ১০:১০ এএম

নিউইয়র্কে ২৫তম ‘ঢালিউড অ্যাওয়ার্ডস’ ১০ অক্টোবর

নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির ইভানজেল চার্চ সেন্টারে আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে ২৫তম ‘ঢালিউড অ্যাওয়ার্ডস’। শোটাইম মিউজিক অ্যান্ড প্লে আয়োজিত এ অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কের উডসাইডের 58 মেনর পার্টি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে শোটাইম মিউজিক অ্যান্ড প্লের প্রেসিডেন্ট ও সিইও খাইরুল ইসলাম খোকন এবারের আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন লায়ন রকি আলিয়ান, বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট জেএফএম রাসেল, লায়ন আহসান হাবিব, ইঞ্জিনিয়ার খালেক এবং সংগীতশিল্পী কামরুজ্জামান বকুল। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নিউইয়র্কের উপস্থাপিকা শারমিন সোনিয়া সিরাজ।

আয়োজকরা জানান, এবারের অনুষ্ঠানে বিনোদন অঙ্গনের শিল্পী, আমন্ত্রিত অতিথি, বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেবেন। যুক্তরাষ্ট্রে বাংলা সংস্কৃতি ও বিনোদনকে আরও বিস্তৃতভাবে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

শোটাইম মিউজিক অ্যান্ড প্লে দুই দশকেরও বেশি সময় ধরে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে সংগীত ও বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন করে আসছে। আয়োজকেরা জানিয়েছেন, ২৫তম ঢালিউড অ্যাওয়ার্ডস ঘিরে নেওয়া হচ্ছে বিশেষ প্রস্তুতি।