খবর প্রকাশিত: ০১ অক্টোবর, ২০২৬, ০৮:১০ পিএম

ফ্লোরিডা প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৮০তম জন্মদিন উপলক্ষে ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ আলোচনা সভা সভা ছাড়াও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় ফ্লোরিডার লেক ওয়ার্থের ক্র্যাজি মারিয়ো রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নান্নু আহমেদ এবং অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুজিব উদ্দীন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এম. ফজলুর রহমান ( সভাপতি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, দক্ষিণ শাখা)। তিনি শেখ হাসিনার রাজনৈতিক জীবন, নেতৃত্ব এবং বাংলাদেশের রাজনীতিতে তাঁর ভূমিকা নিয়ে বক্তব্য দেন। বক্তব্যে এম. ফজলুর রহমান বলেন, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বের প্রয়োজনীয়তা উপলব্ধি করছে এবং তাঁকে আবারও দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। তাঁর বক্তব্য অনুযায়ী, শেখ হাসিনার সরকারের সময় বাংলাদেশ অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি খাদ্য, বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাসসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছিল। তিনি আশা প্রকাশ করেন, আগামী ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন। একই সঙ্গে তিনি শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন এবং দলীয় নেতাকর্মীদের ঐক্য বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

আরও বক্তব্য রাখেন ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি সালমা রহমান মিনু, ইমতিয়াজ হাসান, নাফিজ আহমেদ, শেখ বাবুল, এম. রহমান জহির, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার ইকরামুল ইসলাম ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা বুলবুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান, মোজাম্মেল হোসেন, সিরাজুল ইসলাম, মোহাম্মদ ছদরুল, মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডলি আহমেদ, লিনা হক, রাবেয়া বেগম প্রমুখ।
বক্তারা শেখ হাসিনার রাজনৈতিক জীবন, তাঁর নেতৃত্ব এবং বিভিন্ন সময়ে বাংলাদেশের রাজনীতিতে তাঁর ভূমিকার নানা দিক নিয়ে আলোচনা করেন। তাঁরা শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। সমাপনী বক্তব্যে ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নান্নু আহমেদ এবং সাধারণ সম্পাদক মুজিব উদ্দীন অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মী, অতিথি, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।