গ্রিসের রাজধানী এথেন্সের পর্যটন এলাকায় দুই তলাবিশিষ্ট একটি আবাসিক ভবনধসে অন্তত ছয়জন প্রাণ হারিয়েছে। শনিবার গ্রিক ফায়ার ব্রিগেড ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
খবর প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৯ এএম

গ্রিসের রাজধানী এথেন্সের পর্যটন এলাকায় দুই তলাবিশিষ্ট একটি আবাসিক ভবনধসে অন্তত ছয়জন প্রাণ হারিয়েছে। শনিবার গ্রিক ফায়ার ব্রিগেড ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনায় নিহতদের মধ্যে চারজন মার্কিন নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
দেশটির ফায়ার ব্রিগেডের মুখপাত্র ভাসিলিস ভাথরাকোগিয়ানিস এক টেলিভিশন ব্রিফিংয়ে জানান, নিখোঁজদের অনুসন্ধানে নেমে উদ্ধারকারীরা ছয়জনের লাশ উদ্ধার করেন। ওই ভবনের একটি অ্যাপার্টমেন্টে বাস করা এক বয়স্ক দম্পতি এবং অপর একটি ফ্ল্যাটে থাকা চার পর্যটকের সন্ধান পাওয়া গেছে।
হোটেল ও স্বল্পমেয়াদি ভাড়া বাসার জন্য পরিচিত এলাকাটিতে দুর্ঘটনার আগে তীব্র গ্যাসের গন্ধ পাওয়ার খবর আসে। ঘটনাটি খতিয়ে দেখতে ফায়ার ব্রিগেডের অপরাধ তদন্ত বিভাগও ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ সূত্রে জানা যায়, নিহত ওই চার মার্কিন পর্যটকের শুক্রবার বিকেল ৩টায় এথেন্স বিমানবন্দর থেকে ফ্লাইট ধরার কথা ছিল, কিন্তু তারা সময়মতো পৌঁছাননি।
লাশগুলো শনাক্তকরণ ও হাসপাতালে পাঠানোর জন্য শনিবার ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছিল।