ওটিটিতে দীর্ঘদিন ধরে দর্শকদের মাতিয়ে রাখা কালিন ভাইয়া, মুন্না ত্রিপাঠি আর গুড্ডু পণ্ডিত এবার ঝড় তুলেছেন রূপালি পর্দায়। প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই দর্শকের উন্মাদনায় ভাসছে ‘মির্জাপুর দ্য মুভি’।
খবর প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৯ এএম

ওটিটিতে দীর্ঘদিন ধরে দর্শকদের মাতিয়ে রাখা কালিন ভাইয়া, মুন্না ত্রিপাঠি আর গুড্ডু পণ্ডিত এবার ঝড় তুলেছেন রূপালি পর্দায়। প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই দর্শকের উন্মাদনায় ভাসছে ‘মির্জাপুর দ্য মুভি’।
স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, দ্বিতীয় সপ্তাহের শেষ দিনেও ভারতীয় বক্স অফিসে শক্ত অবস্থান ধরে রেখেছে সিনেমাটি। দ্বিতীয় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভারতে নিট ৩.৭৫ কোটি রুপি আয় করেছে ছবিটি।
গুরমিত সিংয়ের পরিচালনায় এবং পুনীত কৃষ্ণের গল্পে নির্মিত ‘মির্জাপুর দ্য মুভি’ মূলত জনপ্রিয় ওয়েব সিরিজটির প্রথম সিজনের ষষ্ঠ ও সপ্তম পর্বের মধ্যবর্তী সময়ের ঘটনাকে কেন্দ্র করে এগিয়েছে। অর্থাৎ সিরিজের গল্পের গুরুত্বপূর্ণ একটি পর্যায়কে এবার বড় পর্দায় নতুনভাবে তুলে ধরা হয়েছে।
তবে সিনেমাটিকে ঘিরে দর্শকের আগ্রহের অন্যতম বড় কারণ সিরিজের জনপ্রিয় কয়েকটি চরিত্রকে আবার পর্দায় ফিরিয়ে আনা।
এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন রিতেশ সিধওয়ানি ও ফারহান আখতার। ‘মির্জাপুর’ সিরিজের পরিচিত চরিত্রগুলোই সিনেমাতেও ধরে রেখেছেন অভিনয়শিল্পীরা। কালিন ভাইয়া চরিত্রে পঙ্কজ ত্রিপাঠি, গুড্ডু পণ্ডিত চরিত্রে আলী ফজল এবং মুন্না ত্রিপাঠি চরিত্রে দিব্যেন্দু আবারও হাজির হয়েছেন আগের পরিচিত অবতারে।