খবর প্রকাশিত: ০৬ আগস্ট, ২০২৬, ০৮:০৮ এএম

নিজস্ব প্রতিবেদক, নিউইয়র্ক: বরাবরের মতো এবারও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নিউইয়র্কের কুইন্সের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় অনুষ্ঠিত হলো ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র উদ্যোগে বারবিকিউ পার্টি। গতকাল ৩ আগস্ট ২০২৬, এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় এই আয়োজন। প্রবাসী বাংলাদেশি কমিউনিটি, বিশেষ করে জ্যাকসন হাইটসের সঙ্গে সম্পৃক্ত বাসিন্দারা প্রতিবছর এই বিশেষ দিনটির অপেক্ষায় থাকেন।
সোমবার আয়োজিত এই বারবিকিউ পার্টিতে নিউইয়র্কের বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, চাকরিজীবী, সাংবাদিক, লেখক-সাহিত্যিকসহ কমিউনিটির সর্বস্তরের মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। দিনব্যাপী এই আয়োজনের মূল আকর্ষণ ছিল হরেক রকমের সুস্বাদু খাবার, আড্ডা, আলোচনা, শুভেচ্ছা বক্তব্য এবং শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র সভাপতি সাকিল মিয়া, সাধারণ সম্পাদক মো. আলম নমী, বারবিকিউ আয়োজনের আহ্বায়ক শাহ জে. চৌধুরী এবং সদস্য সচিব মহিউদ্দিন রাহুল মঞ্চে এসে উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
মিয়া মোহাম্মদ দুলালের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানটি এক আনন্দঘন উৎসবে রূপ নেয়। এছাড়াও ধাপে ধাপে সঞ্চালনায় যুক্ত ছিলেন মো. সারোয়ার, কামরুজ্জামান বকুল ও আফতাব জনি। তারা একসাথে গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখেন। শিল্পীদের পরিবেশিত গানের পাশাপাশি সংক্ষিপ্ত বক্তব্য দেন নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী, মূলধারার রাজনীতিক ও সমাজকর্মী, গোল্ডেন এজ হোমকেয়ারের প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজ, বাংলাদেশ সোসাইটি নিউইয়র্কের সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মীর নিজামুল হক, দুলাল বেহেদু এবং অ্যাটর্নি মঈন চৌধুরীসহ কমিউনিটির বিশিষ্টজনেরা।

আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল জাতীয় পর্যায়ে ও কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য তিন বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান। এ বছর সম্মাননাপ্রাপ্তরা হলেন— কিংবদন্তি সংগীতশিল্পী ও কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, বিশিষ্ট ব্যবসায়ী শাহনেওয়াজ এবং মো. জাহিদ। নানা আয়োজন, র্যাফেল ড্র, সুস্বাদু খাবার আর পরিচিত মুখগুলোর মিলনমেলায় প্রবাসের যান্ত্রিকতার মাঝেও দিনটি হয়ে উঠেছিল এক টুকরো বাংলাদেশ।