২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা ভিনিসিয়ুস জুনিয়র এবার ছুঁয়ে ফেললেন ব্রাজিলের দুই কিংবদন্তি রোনালদো ও রিভালদোর অনন্য কীর্তি। স্কটল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচেই গোল করার বিরল নজির গড়েছেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার।
মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধেই দুইবার জালের দেখা পান রিয়াল মাদ্রিদের এই তারকা। এর আগে মরক্কোর বিপক্ষে একটি এবং হাইতির বিপক্ষে একটি গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট করেছিলেন তিনি। ফলে তিনটি গ্রুপ ম্যাচেই গোল করার কৃতিত্ব অর্জন করেন ভিনিসিয়ুস।
এর মাধ্যমে ২৪ বছর পর ব্রাজিলের কোনো ফুটবলার হিসেবে বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচে গোল করার রেকর্ড গড়লেন তিনি।
সর্বশেষ ২০০২ বিশ্বকাপে এই কীর্তি গড়েছিলেন ব্রাজিলের দুই কিংবদন্তি রোনালদো ও রিভালদো। সে আসরে ব্রাজিল পঞ্চমবারের মতো বিশ্বকাপ জিতেছিল।
এর আগে ১৯৭০ বিশ্বকাপে জর্জিনহো এবং ১৯৯৪ সালে রোমারিওও গ্রুপ পর্বের সব ম্যাচে গোল করেছিলেন। এবার সেই অভিজাত তালিকায় নিজের নাম লেখালেন ভিনিসিয়ুস।
বিশ্বকাপে এখন পর্যন্ত সাত ম্যাচে ভিনিসিয়ুসের অবদান ৮টি গোলে। তিনি করেছেন ৫টি গোল, পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরো ৩টি গোল। ২০২২ কাতার বিশ্বকাপে চার ম্যাচে একটি গোল ও দুটি অ্যাসিস্ট করা এই ফরোয়ার্ড এবার আরো পরিণত রূপে আলো ছড়াচ্ছেন।
নকআউট পর্বের আগে ভিনিসিয়ুসের এমন দুর্দান্ত ফর্ম ব্রাজিলকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। ২০০২ সালের পর আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে সেলেসাও, আর সেই স্বপ্নের অন্যতম প্রধান কারিগর হয়ে উঠেছেন ২৫ বছর বয়সী এই তারকা।